লেবাননে হামলা বন্ধ ও উগ্র ইহুদিদের বিরুদ্ধে তেল আবিবে রাতভর বিক্ষোভ

২০২৩ সালে তেল আবিবে বিক্ষোভে নেতানিয়াহুকে রোমান রাজাদের সঙ্গে তুলনা করেন আন্দোলনকারীরা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন এবং দক্ষিণ লেবাননে চলমান হামলার প্রতিবাদে কয়েক শত ইসরায়েলি রাতভর তেল আবিবে বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভের অন্যতম কারণ উগ্র ইহুদি সম্প্রদায়ের সেইসব সদস্য, যারা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
বিক্ষোভের এক ভিডিওতে দেখা যায়, কিছু আন্দোলনকারীর হাতে ‘গণহত্যা বন্ধ কর’, ‘অক্টোবর সেভেন ভুলে যান’ এবং ‘বিবি এসকোবার’— এমনসব প্ল্যাকার্ড দেখা গেছে। বিবি নেতানিয়াহুর ডাকনাম এবং পাবলো এসকোবার কলম্বিয়ার সাবেক মাদক সম্রাট।
বিক্ষোভে অংশ নেওয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ডেভিড আলকান রয়টার্সকে বলেছেন, ‘আমি এখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। আমাদের সরকার একেবারে ভুল পথে এগোচ্ছে, যা একটি বিপর্যয়। তারা জনগণকে ভুয়া খবর ও মিথ্যা দিয়ে বিভ্রান্ত করছে। আমরা সবাই নেতানিয়াহু বিরোধী।’
অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়কে ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি ইরান আমাদের শত্রু, কিন্তু সবচেয়ে বিপজ্জনক শত্রু নয়। সবচেয়ে বিপজ্জনক শত্রু দেশের ভেতরেই; তারা যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকার করে, কাজ করে না, কর দেয় না, পরজীবীর মতো আমাদের আয়করের ওপর নির্ভর করে বেঁচে থাকে।’
এই বছরের শেষের দিকে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ইরান ও লেবাননের যুদ্ধ এবং অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হবে। বিরোধীপক্ষ একজোট হওয়ায় ইতোমধ্যে রাজনৈতিক চাপে আছেন নেতানিয়াহু।
সূত্র: আলজাজিরা




