সৌদি সফরে যুবরাজকে আশ্বাস আল-জাইদির, ইরাকের মাটি থেকে হামলা নয়

ইরাকের প্রধানমন্ত্রী আল-জাইদি ১৪ অক্টোবর সৌদি আরবের রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হাঁটছেন— রয়টার্স
গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার রিয়াদে পৌঁছান তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তিনি আশ্বাস দিয়েছেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা চালাতে দেওয়া হবে না। ইরাকি বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে এ তথ্য।
ইরাকের ভূখণ্ড থেকে আঞ্চলিক অন্য দেশগুলোর বিরুদ্ধেও হামলা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আল-জাইদি।
আইএনএর উদ্ধৃত আল-জাইদির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরাকের দৃঢ় অবস্থান হলো, কোনো হামলা বা এমন কর্মকাণ্ড চালানোর জন্য দেশটির ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, যা সৌদি আরব ও এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তাকে প্রভাবিত করে। একই সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতি মেনে চলা এবং ইরাক, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়েও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
গত মাসে ইয়েমেনে হুতিদের ঝটিকা অভিযানের সময় ড্রোন হামলার শিকার হয় সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন। এ হামলার পর সাময়িকভাবে তেল রপ্তানির ওই পথ বন্ধ করে দিতে বাধ্য হয় রিয়াদ। হরমুজ প্রণালির বিকল্প হিসেবে সৌদি আরব এই পাইপলাইন ব্যবহার করে আসছে। দৈনিক সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতাসম্পন্ন পাইপলাইনটির কার্যক্রম পরে আবার চালু হয়েছে।
সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলাটি ইরাক থেকে চালানো হয়েছিল। বাগদাদও নিজস্ব তদন্ত চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হামলাগুলো ইরাকের ভূখণ্ড থেকেই পরিচালিত হয়েছিল।
সূত্র: আলজাজিরা



