সেনাবাহিনীর গাড়ি নদীতে, প্রাণ হারালেন দুই ভারতীয় সেনা সদস্য

ইতাম নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় সেনা সদস্য
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সামরিক যান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় সেনা সদস্য। গত বুধবার দুপুরে ইম্ফল পূর্ব জেলার লামলাই চাল্লৌ এলাকায় ৮ বিহার রেজিমেন্টের সেনাসদস্যদের বহনকারী একটি সাঁজোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইতাম নদীতে পড়ে যায়। এই ঘটনায় আরও দুই সেনাকর্মী আহত হয়েছেন।
ভারতের সরকারি সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় ২টা নাগাদ সেনাবাহিনীর গাড়িটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়ির ভিতরে থাকা সেনাকর্মীদের উদ্ধার করে বাবিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২৯ বছর বয়সি ক্যাপ্টেন হনুমান রাম এবং ২৪ বছর বয়সি সিপাই মালাই জয়েশ হিম্মতের।
আহত দুই সেনাকর্মীর পরিচয়ও প্রকাশ করা হয়েছে। তারা হলেন ৩৭ বছর বয়সি সিপাই রাকেশ সারপাতে এবং ১৯ বছর বয়সি অগ্নিবীর অখিলেশ কুমার শাহ। দুর্ঘটনার পর তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল।
কী কারণে সামরিক যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।
মণিপুরের চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই দুর্ঘটনায় দুই সেনাকর্মীর মৃত্যু ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন করে উদ্বেগের ঘটনা হয়ে উঠেছে।



