লেবাননে ভবন ধসে নিহত অন্তত ৯

সংগৃহীত ছবি
লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে রবিবার একটি ভবন ধসের ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন। সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে ভবন ধসের এটি দ্বিতীয় ঘটনা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ত্রিপোলির বাব আল-তাব্বানেহ এলাকায় একটি পুরোনো ভবন ধসে পড়ে। এলাকাটি শহরটির সবচেয়ে দরিদ্র মহল্লা হিসেবে পরিচিত। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তৎপর রয়েছেন।
আরও ধসের আশঙ্কায় আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।
এএফপির এক সংবাদদাতা জানান, উদ্ধারকর্মীরা রাত পর্যন্ত ধ্বংসস্তূপে কাজ চালিয়ে যান। ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্স।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক ইমাদ খরেইশ স্থানীয় গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ৯ জন নিহত হয়েছেন এবং উদ্ধার হওয়া আরও ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভবনটি দুটি ব্লক নিয়ে গঠিত ছিল, প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ধসের সময় ভবনটির ভেতরে প্রায় ২২ জন মানুষ ছিলেন।
স্থানীয় অধিকারকর্মী জুমানা আল-শাহাল ঘটনাস্থলে এএফপিকে বলেন, এই দুর্ঘটনা ‘এই বিস্মৃত শহরের দীর্ঘদিনের জমে থাকা অবহেলারই প্রমাণ’।
ত্রিপোলির মেয়র আবদেল হামিদ কারিমেহ সাংবাদিকদের বলেন, অনিরাপদ ভবনের কারণে ‘আমরা ত্রিপোলিকে দুর্যোগকবলিত শহর ঘোষণা করছি’।
তিনি বলেন, ‘বছরের পর বছর অবহেলার কারণে ত্রিপোলির হাজারো মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিস্থিতি ত্রিপোলি পৌরসভার সক্ষমতার বাইরে চলে গেছে।’



