রাশিয়া-চীনসহ চার দেশে সাইবার অভিযান ব্রিটেনের
- ‘যুদ্ধেও নেই, শান্তিতেও নেই’, বললেন ব্রিটিশ সেনা কর্মকর্তা
- সাইবার হুমকির জবাব পাল্টা হুমকিতে দেওয়ার ঘোষণা
- এক বছরে ব্রিটেনে এক হাজার ৮৩১টি সাইবার হামলা
- নতুন সাইবার সদর দপ্তর উদ্বোধন করেছেন রাজা তৃতীয় চার্লস

যুদ্ধ চলছে। অথচ নেই কামানের গর্জন। নেই যুদ্ধবিমানের শব্দ কিংবা সীমান্তে সেনাসমাবেশ। অস্ত্র এখানে কম্পিউটারের পর্দা। লক্ষ্য শত্রুপক্ষের তথ্যভান্ডার, যোগাযোগব্যবস্থা ও ডিজিটাল অবকাঠামো। এমন এক অদৃশ্য লড়াইয়ের কথা এবার প্রকাশ্যে স্বীকার করল ব্রিটেন। রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোপনে আক্রমণাত্মক সাইবার অভিযান চালাচ্ছে দেশটি। ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ এক কর্মকর্তার এই বিরল স্বীকারোক্তি নতুন করে প্রশ্ন তুলেছে। যুদ্ধ ঘোষণা ছাড়াই কি পরাশক্তিগুলো প্রবেশ করেছে সংঘাতের নতুন যুগে?
শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৩টা ৪২ মিনিটে স্কাই নিউজে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ব্রিটিশ সামরিক বাহিনীর সাইবার ও বিশেষ অভিযান কমান্ডের প্রধান জেনারেল স্যার রব ম্যাগোয়ান প্রথমবারের মতো এসব গোপন কার্যক্রমের বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলেছেন।
তার ভাষায়, ব্রিটেনের সামনে সাইবার হুমকি ‘গুরুতর’। তবে প্রতিপক্ষের আক্রমণের জবাব দিতে প্রস্তুত দেশটি।
ম্যাগোয়ান বলেছেন, ‘এটি সাইবার জগতে আঘাতের বদলে আঘাতের বিষয় নয়।’ বরং শত্রুপক্ষকে মোকাবিলায় ব্রিটেনের হাতে একাধিক বিকল্প থাকা প্রয়োজন।
রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার নাম উল্লেখ করে তিনি বলেছেন, দেশগুলো ব্রিটেনের জীবনযাত্রার জন্য হুমকি এবং সাইবার জগতে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে।
তার হুঁশিয়ারি, ‘সাইবার জগতে অভিযান চালালে তার মূল্য দিতে হবে।’
ব্রিটেন কি তাহলে চার দেশের সঙ্গে সাইবার যুদ্ধে জড়িয়ে পড়েছে? এমন প্রশ্নে ম্যাগোয়ানের জবাব, ‘আমি বলব না আমরা যুদ্ধে আছি। তবে শান্তিতেও নেই।’
তার ব্যাখ্যায়, এটি যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী এক ধূসর অঞ্চল। যেখানে প্রকাশ্য সামরিক সংঘাত ছাড়াই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়।
ব্রিটেনের জাতীয় সাইবার বাহিনী গঠিত হয় ২০২০ সালে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারি যোগাযোগ সদর দপ্তর, বৈদেশিক গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত হয় এর কার্যক্রম।
ম্যাগোয়ান জানিয়েছেন, এই বাহিনী প্রতিপক্ষের কম্পিউটার নেটওয়ার্কের গঠন ও কার্যক্রম বুঝতে পারে। প্রয়োজনে সেই নেটওয়ার্কের ভেতরে প্রভাব বিস্তারের সক্ষমতাও রয়েছে।
তবে কোন দেশে কী ধরনের অভিযান চালানো হয়েছে, তার বিস্তারিত প্রকাশ করেননি তিনি।
শুধু রাষ্ট্রীয় প্রতিপক্ষ নয়, সংঘবদ্ধ অপরাধচক্র এবং অনলাইনে শিশুদের ক্ষতিসাধনকারী অপরাধীদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।
কেন বাড়ছে সাইবার উত্তেজনা
গত সোমবার (১৬ নভেম্বর) ল্যাঙ্কাশায়ারের স্যামলসবুরিতে জাতীয় সাইবার বাহিনীর নতুন সদর দপ্তর উদ্বোধন করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এর নাম রাখা হয়েছে ‘রিবল হাউস’।
ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তাকেন্দ্রের হিসাবে, গত এক বছরে এক হাজার ৮৩১টি সাইবার হামলার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৮০টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ।
গত বছরের জাগুয়ার ল্যান্ড রোভারে সাইবার হামলার ফলে উৎপাদন ও সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
গত ৩ নভেম্বর প্রকাশিত ব্রিটিশ সাইবার নিরাপত্তাকেন্দ্রের বার্ষিক পর্যালোচনায় চীনকে সবচেয়ে উন্নত ও দীর্ঘস্থায়ী সাইবার চ্যালেঞ্জ এবং রাশিয়াকে সবচেয়ে দুঃসাহসী হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড নিয়েও সতর্ক করা হয়েছে।
সাইবার যুদ্ধের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আক্রমণকারীকে সব সময় দেখা যায় না। কখনো একটি নেটওয়ার্ক অচল হয়। কখনো হারিয়ে যায় গুরুত্বপূর্ণ তথ্য। আবার কখনো হামলার প্রস্তুতি চললেও সাধারণ মানুষ কিছুই জানতে পারে না।
ব্রিটেনের স্বীকারোক্তিতে সেই অদৃশ্য সংঘাতের একটি অংশ প্রকাশ্যে এল। কিন্তু কত দূর বিস্তৃত এই লড়াই? আর যে যুদ্ধের শুরু বোঝা যায় না, তার শেষই বা নির্ধারণ করবে কে?



