ফ্রিজেও হ্যাকারদের থাবা! ব্রিটেনজুড়ে গোপন অভিযান
- কয়েক হাজার ফ্রিজ ও হিমায়নযন্ত্র সুরক্ষায় গোপন অভিযান
- ঝুঁকি ঠেকাতে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন কয়েক হাজার নিয়ন্ত্রণযন্ত্র
- ইউরোপে হামলায় নষ্ট বিপুল খাদ্য, ক্ষতি কোটি কোটি পাউন্ড
- নিরাপত্তার দুর্বলতা প্রকাশের আগেই তৎপর ব্রিটিশ কর্তৃপক্ষ

বেলজিয়ামের লিঙ্কেবিকে সাইবার হামলার পর বিকল হয়ে পড়া খালি ফ্রিজে সেবা বন্ধের নোটিশ। গত ২ নভেম্বরের তথ্যপ্রযুক্তিগত বিপর্যয়ে বেলজিয়াম ও লুক্সেমবার্গের একাধিক বিপণিবিতানের হিমায়নব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ছবি: রয়টার্স
ফ্রিজের দরজা বন্ধ। ভেতরে সাজানো খাবার। বাইরে থেকে সব স্বাভাবিক। অথচ অদৃশ্য কোনো হ্যাকার চাইলে বদলে দিতে পারে তার তাপমাত্রা। নষ্ট হয়ে যেতে পারে কোটি কোটি টাকার খাদ্যসামগ্রী। বিপর্যস্ত হতে পারে দেশের খাদ্য সরবরাহব্যবস্থা। এমনই এক বিপদের মুখে গোপনে অভিযান চালিয়েছে ব্রিটেন। সুরক্ষিত করা হয়েছে কয়েক দশক হাজার ফ্রিজ ও হিমায়নযন্ত্র। এত দিন আড়ালে থাকা সেই অভিযানের খবর এবার প্রকাশ্যে এসেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বড় বিপণিবিতান, খাদ্যগুদাম, রেস্তোরাঁ, জ্বালানি স্টেশন ও ক্রীড়াঙ্গনের হিমায়নব্যবস্থায় গুরুতর নিরাপত্তাঝুঁকি শনাক্ত হয়।
গত অক্টোবরের শেষদিকে ‘ওমেগা সিস্টেমস’ নামের প্রতিষ্ঠানের নৈতিক হ্যাকাররা দুর্বলতাটি আবিষ্কার করেন। পরে ‘’-এর বিশেষজ্ঞরা তা যাচাই করেন।
এরপর শুরু হয় গোপন অভিযান। যুক্ত হয় ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তাকেন্দ্র, পরিবেশ ও খাদ্যবিষয়ক বিভাগ এবং খাদ্যমান নিয়ন্ত্রণ সংস্থা।
ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। কয়েক হাজার নিয়ন্ত্রণযন্ত্র ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করা হয়। কোথাও দূর থেকে সংযোগ বন্ধ করা হয়। কোথাও সরাসরি তার খুলে দেওয়া হয়। কর্মীদের নির্দেশ দেওয়া হয়, হাতে তাপমাত্রা পর্যবেক্ষণের।
একটি বড় বিপণিবিতানের কর্মী বিবিসিকে জানিয়েছেন, এক সপ্তাহ ধরে প্রতিদিন শত শত যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করেছেন তারা।
তার ভাষায়, ‘মনে হচ্ছিল সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছি।’ কারণ, আরেক দফা হামলা আসতে পারে বলে আশঙ্কা ছিল।
চলতি বছর তিন দফায় হিমায়নযন্ত্রে সাইবার হামলার ঘটনা ঘটেছে। আগস্টে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে, ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের শতাধিক বিপণিবিতানে এবং ১ ও ২ নভেম্বর ইউরোপের সাত দেশে হামলা হয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেলজিয়াম ও লুক্সেমবার্গ। ফ্রান্সের কয়েকটি রক্ত সংরক্ষণকেন্দ্রও আক্রান্ত হয়। লাখ লাখ পাউন্ডের খাদ্য নষ্ট হয় বিভিন্ন দেশে। ফ্রান্স একটি হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান অভিযোগ অস্বীকার করেছে।
ব্রিটিশ প্রতিষ্ঠান ‘রিসোর্স ডেটা ম্যানেজমেন্ট’-এর তৈরি নিয়ন্ত্রণযন্ত্রে দুর্বল পাসওয়ার্ডের ঝুঁকি পেয়েছেন গবেষকেরা।
তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গেড ইভানস জানিয়েছেন, পরীক্ষাগারের পরিবেশে দুর্বলতাটি শনাক্ত হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা সংশোধনী সরবরাহ করা হয়েছে। তাঁদের যন্ত্রে ক্ষতিকর অনুপ্রবেশের প্রমাণও মেলেনি।
ব্রিটিশ সরকার জানিয়েছে, দেশটিতে সীমিতসংখ্যক প্রতিষ্ঠান হামলায় আক্রান্ত হয়েছিল। বড় বিপর্যয় এড়াতেই নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।
একসময় খাদ্য সংরক্ষণের নিরাপত্তা নির্ভর করত বিদ্যুৎ আর তাপমাত্রার ওপর। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে অদৃশ্য সাইবার হুমকি। ফ্রিজের নিয়ন্ত্রণও যদি অপরাধীর হাতে চলে যায়, তবে আগামী দিনের খাদ্যনিরাপত্তা রক্ষার লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে?



