তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অনিশ্চিত মোদির আসা

সংগৃহীত ছবি
বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণকে সামনে রেখে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত এ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে তার উপস্থিতি এখনও অনিশ্চিত বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি কয়েকটি বন্ধুসুলভ রাষ্ট্রের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা আঞ্চলিক দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানান।
তবে একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচি থাকায় মোদির ঢাকা সফরের সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা। আগামী সপ্তাহে ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নিতে ম্যাক্রোঁর ভারত সফর শুরু হবে মুম্বাই থেকে।
মোদি উপস্থিত থাকতে না পারলে ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ প্রতিনিধি—সম্ভবত উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী—ঢাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, দিল্লি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী হলেও তা তাড়াহুড়ো করে করতে চায় না; তবে সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সম্পর্ক পুনর্গঠন ভারতের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীও আমন্ত্রিত হতে পারেন। সে ক্ষেত্রে একই মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অধিকাংশ সদস্য দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন তারেক রহমানের পিতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পাশাপাশি চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি বন্ধুসুলভ দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।
শনিবার তারেক রহমান বলেন, তার সরকারের পররাষ্ট্রনীতি হবে জনগণের স্বার্থকেন্দ্রিক; কোনো নির্দিষ্ট দেশকে ঘিরে নয়।
এর আগে শুক্রবার মোদির সঙ্গে প্রথম টেলিফোন আলাপে দুই দেশের সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর ৩৫ বছর পর বাংলাদেশের প্রথম পুরুষ সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ৬০ বছর বয়সী তারেক রহমান।



