ভারত-পাকিস্তান মহারণ আজ, কেমন হবে একাদশ

সংগৃহীত ছবি
আর. প্রেমাদাসা স্টেডিয়ামের সবুজ গালিচায় আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে উপমহাদেশের চিরন্তন দ্বৈরথ। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের এই ভারত–পাকিস্তান লড়াই মানেই আবেগ, কৌশল আর অনিশ্চয়তার দোলাচল। ম্যাচ ঘিরে দুই শিবিরেই চলছে সূক্ষ্ম হিসাব-নিকাশ; শেষ মুহূর্তে একাদশে বদলের ইঙ্গিতও স্পষ্ট।
ভারতীয় শিবিরে ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাবনা জোরালো। বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা আগের ম্যাচে না খেললেও এদিন ফিরতে পারেন শুরুতেই। সে ক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে। নেতৃত্বের ভার থাকছে সূর্যকুমার যাদবের কাঁধে। মিডল অর্ডারে আগ্রাসন ও স্থিতির মিশেলে ভরসা জোগাবেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে।
স্পিন আক্রমণে জোড়া ঘূর্ণি তুলতে পারেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। আর গতির ঝড় তোলার দায়িত্ব থাকবে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের হাতে।
পাকিস্তান শিবিরেও পরিবর্তনের আভাস। উইকেটরক্ষক-ব্যাটার উসমান খানের জায়গায় তরুণ খাজা নাফে সুযোগ পেতে পারেন। টানা দুই ম্যাচে ব্যর্থতার পর উসমানকে বিশ্রাম দেওয়ার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ফখর জামানের ফেরাও প্রায় নিশ্চিত। নেতৃত্বে থাকবেন সালমান আলী আঘা, আর ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে দাঁড়াবেন বাবর আজম। অলরাউন্ডার হিসেবে ম্যাচের ছন্দ ঘুরিয়ে দিতে পারেন শাদাব খান।
গতি ও আগুনে মেজাজ নিয়ে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি। সব মিলিয়ে, কলম্বোর আকাশে আবারও জমতে চলেছে এক মহারণ—যেখানে ব্যাট-বলের সংঘাতে লেখা হবে নতুন ইতিহাস।
সম্ভাব্য ভারত একাদশ :
ইশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।
সম্ভাব্য পাকিস্তান একাদশ :
সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, খাজা নাফায় (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।



