একসঙ্গে ২৭ ফেডারেশনে রদবদল

সংগৃহীত ছবি
এসএ গেমস স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্নাকে সাধারণ সম্পাদক করে মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। একই দিনে সাবেক এই তারকাকে নবগঠিত বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্বও দেওয়া হয়েছে। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো দৌলতুজ্জামান খাঁনের স্বাক্ষরে ২৭টি জাতীয় ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে সরকার।
একই সঙ্গে ধারা ২১ এ প্রদত্ত ক্ষমতাবলে ভেঙ্গে দেওয়া হয়েছে আগের কমিটিগুলো। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সময় এই অ্যাডহক কমিটিগুলো গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সময় গঠিত বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনই ছিল নিস্ক্রিয়।
বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আনিমুল হক বিভিন্ন ক্রীড়া ফেডারেশনকে সক্রিয় করতে নেতৃত্বে পরিবর্তনের উদ্যোগ নেন। তারই ফলশ্রুতিতে আজ ঘোষিত হয়েছে ২৭টি ফেডারেশনের অ্যাডহক কমিটি। যাদের ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে এদেশে খেলাটির প্রবর্তক ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে। ইশতিয়াক সাদেককে করা হয়েছে হকির সাধারণ সম্পাদক।
মহিলা ক্রীড়া সংস্থা, শুটিং ফেডারেশন ও আর্চারি ফেডারেশন ছাড়াও আজ ঘোষিত হওয়া কমিটিগুলো হলো-অ্যাথলেটিকস, বক্সিং, উশু অ্যাসোসিয়েশন, কুস্তি, কাবাডি, কারাতে, ক্যারম, খো খো, জিমন্যাস্টিকস, জুডো, টেনিস, টেবিল টেনিস, তায়কোয়ানদো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, রাগবি অ্যাসসিয়েশন, রোয়িং, সাইক্লিং, সাঁতার, হকি ও হ্যান্ডবল ফেডারেশন।




