ক্রিকেট শিখতে চীন থেকে বিকেএসপিতে

সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল বিকেএসপিতে এসেছে। দলটিকে স্বাগত জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ।
চীনা প্রতিনিধিদলে রয়েছে ১১ ক্রিকেটার, দুজন প্রশিক্ষক (একজন তাইচি ও একজন ক্রিকেট) এবং একজন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায় আয়োজিত এক মাস এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ ক্রিকেটারকে খেলার কৌশল শেখাবেন।
চীনা বিশ্ববিদ্যালয় থেকে আসা তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি প্রশিক্ষণ দেবেন। বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রাম দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





