বিধ্বস্ত আলভারেসকে আতলেতিকো সমর্থকদের দুয়ো

সংগৃহীত ছবি
আতলেতিকো মাদ্রিদে আর থাকতে চান না, সেটা সাফ জানিয়ে দিয়েছিলেন আগেই। অনেক নাটকের পরও হুলিয়ান আলভারেস আতলেতিকো ছেড়ে বার্সেলোনায় যেতে পারেননি। বর্তমান ক্লাবের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই ঘরের মাঠে দুয়ো শুনেছেন আলভারেস। মাথা নিচু করে একাই ছেড়েছেন মাঠ।
ম্যাচের আগেই আতলেতিকো সমর্থকদের লক্ষ্যবস্তুতে পরিণত হন আলভারেস। তাকে শুরু থেকেই দেখাচ্ছিল বিধ্বস্ত।
ওয়ার্মআপ করার সময় এই আর্জেন্টাইন তারকাকে দুয়ো দেওয়া শুরু হয়। বদলি খেলোয়াড় হিসেবে আলভারেসের নাম ঘোষণার সময়ও তাকে বিদ্রূপ শুনতে হয়। ৬৬তম মিনিটে মাঠে নামার পর আরও জোরাল হয় দুয়োধ্বনি।
শেষ বাঁশি বাজার পরেও সমর্থকদের বৈরী মনোভাব আলভারেসকে তাড়া করেছে। তার সতীর্থরা যখন সমর্থকদের অভিবাদন জানাচ্ছিল, তখন তিনি সোজা ড্রেসিং রুমের দিকে চলে যান। এই সময়ও তীব্র দুয়োধ্বনি শোনা যায়।
ম্যাচের পর কোচ ডিয়েগো সিমিওনে জানান, আলভারেসকে সমর্থকদের অভিবাদন জানাতে না দেওয়ার সিদ্ধান্তটি ক্লাবই নিয়েছে, ‘আলভারেসকে তার সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন জানাতে যেতে না দেওয়ার সিদ্ধান্তটি ক্লাবেরই ছিল।‘






