বিশ্বকাপ
কোন সমীকরণে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান?

সংগৃহীত ছবি
বছরের শুরুর ভাগ থেকে যুদ্ধের ময়দানে মুখোমুখি দুই দেশ। নিয়তি দেখুন। যার বিরুদ্ধে যুদ্ধ, ইরান বিশ্বকাপ খেলতে এসেছে সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই! এবার দুই দেশের এই প্রতিদ্বন্দ্বিতা পেতে পারে নতুন মাত্রা। বিশ্বকাপের নকআউট পর্বে দেখা হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের!
বয়কটের হুমকি, নিষেধাজ্ঞা, ভিসা জটিলতা; ইরান এবার বিশ্বকাপ খেলতে এসেছে পাহাড়সমান বাঁধা পেরিয়ে। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তাদের বিশ্রাম নেওয়ার সময়ও দেয়নি যুক্তরাষ্ট্র! ক্লান্তি নিয়েই মেক্সিকোর বেস ক্যাম্পে ফিরে গেছে ইরান।
এবারের আসরে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ ‘জি’-তে রয়েছে ইরান। অন্যদিকে ডি গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, তুরস্ক ও প্যারাগুয়ে।
মাঠের খেলায় ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের মুখোমুখি হলে পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে।
দুই দেশের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শেষ ৩২ দলের রাউন্ডে। সমীকরণ অনুযায়ী, যদি যুক্তরাষ্ট্র তাদের গ্রুপে রানার্স আপ হয় এবং ইরানও ‘জি’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে ওঠে, তবে শেষ ৩২ দলের রাউন্ডে দেখা যাবে দুই দলের লড়াই। এমনটা ঘটলে আগামী ৩ জুলাই টেক্সাসে শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
দ্বিতীয় আরেকটি সম্ভাবনা তৈরি হতে পারে শেষ ষোলোয়। সেজন্য যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দলকেই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে এবং নকআউটের প্রথম বাধা পার করতে হবে। অত্যন্ত ক্ষীণ হলেও দুই দলের কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার একটি সম্ভাবনাও রয়েছে। তবে সে ক্ষেত্রে অনেকগুলো অঘটন এবং জটিল ড্র প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হবে।
নকআউট পর্বে এমন হাইভোল্টেজ ম্যাচে কেমন হবে নিরাপত্তা ব্যবস্থা? এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখন থেকেই। ইএসপিএন জানিয়েছে, ফিফা এবং স্থানীয় আয়োজকেরা ‘অভূতপূর্ব নিরাপত্তাব্যবস্থার’ প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে, ঘরের মাঠে খেলা যুক্তরাষ্ট্রের জন্য এমনিতেই চাপের, তার ওপর ইরানের বিপক্ষে সম্ভাব্য ম্যাচটি নিয়ে রাজনৈতিক হিসাব–নিকাশও থাকবে।
বিশ্বকাপে এর আগেও মুখোমুখি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। প্রথম দেখা হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। সে ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল ইরান। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানকে ১–০ গোলে হারায় যুক্তরাষ্ট্র।




