বিশ্বকাপ
চিড়িয়াখানার হাতি-গরিলা করল বিশ্বকাপের ভবিষ্যৎবাণী

সংগৃহীত ছবি
বিশ্বকাপ এলেই দেখা যায় বিভিন্ন প্রাণীর ভবিষ্যৎবাণী। এবারও তার ব্যতিক্রম হয়নি। মূল টুর্নামেন্ট শুরুর আগে থেকেই প্রাণীরা জানাতে শুরু করেছে বিজয়ী দলের নাম। এবার আয়োজক দেশ মেক্সিকোর গুয়াদাহারার চিড়িয়াখানার হাতি, গরিলা, জিরাফ জানাল উদ্বোধনী ম্যাচের ফল।
চিড়িয়াখানায় একটি অস্থায়ী ফুটবল মাঠ বানিয়ে দুটি হাতিকে ছেড়ে দেওয়া হয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কে জিতবে, এ নিয়ে তাদের ভবিষ্যৎবাণী করানোর চেস্টা ছিল।
একদিকে ছিল মেক্সিকান পতাকার ওপর রাখা ঘাস, আরেক দিকে সবুজ পাতা রাখা ছিল দক্ষিণ আফ্রিকার পতাকার ওপর। হাতি দুটি শেষ পর্যন্ত মেক্সিকোর পতাকার ওপর রাখা ঘাস বেছে নেয়।
চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ইভান রেইনোসো এএফপিকে বলেছেন, ‘মূল ভাবনা হলো প্রাণীরা বিশ্বকাপে হতে যাওয়া বিভিন্ন ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করবে।’
শুধু হাতি নয়, ওই চিড়িয়াখানার গরিলা, জিরাফও করেছে ভবিষ্যৎবাণী। চেনচি ও ফাউস্তিনা নামের দুই গরিলাকে হাজির করা হয়। তাদের সামনে রাখা হয় খেলোয়াড়দের জার্সির আদলে তৈরি দুটি পিনাতাস (এক ধরনের খেলনা)- একটি স্পেনের, আরেকটি উরুগুয়ের। বেশ সময় নিয়ে এক গরিলা উরুগুয়ের জার্সির দিকে হাত বাড়ায়।
এদিকে মুলুক নামে এক পুমা দেখিয়েছে, চেক রিপাবলিকের বিপক্ষে জিতবে দক্ষিণ কোরিয়া। ছয়টি জিরাফ তাদের বাজি ধরেছে কলম্বিয়ার বিপক্ষে ডিআর কঙ্গোকে নিয়ে।
বিশ্বকাপের আগে উত্তেজনায় ভাসছে কোটি কোটি সমর্থক। তাদের বিনোদন দিতেই প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী করানো, জানালেন রেইনসো, ‘এই ধরনের কার্যকলাপ তাদেরকে প্রাণীদের ব্যাপকভাবে সমৃদ্ধ করে, শুধু দর্শকদের জন্য দৃশ্যগতভাবেই নয়, তাদের নিজেদের জন্যও।’




