মিন্টুর চোখে
বিশ্বকাপের রোনালদো বড্ড সাদামাটা

সংগৃহীত ছবি
ক্রিস্তিয়ানো রোনালদোর কীর্তি নিয়ে প্রশ্ন তোলার সাহস ক’জনের আছে। দুই দশক ধরে ফুটবল দুনিয়াকে সম্মোহিত করে রেখেছেন নানা কীর্তিতে। এক হাজার গোলের খুব কাছাকাছি পৌঁছে খেলে ফেললেন ষষ্ঠ বিশ্বকাপ। ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছু জেতা রোনালদো পর্তুগালের জার্সিতেও পেয়েছেন অনেক সাফল্য।
তবে কখনই বিশ্বকাপ জিততে না পারার একটা আক্ষেপ অবশ্যই আছে। সেটা ঘোঁচানোর হয়তো এটাই তার শেষ সুযোগ। ৪১ বছর বয়সে খেলছেন ষষ্ঠ বিশ্বকাপ। চার বছর পর তার খেলা নিয়ে আছে যথেষ্ট সংশয়। তবে শুরুটা যেভাবে করেছেন রোনালদো, তাতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণটা বড়সড় প্রশ্নের মুখে।
এমনিতে পর্তুগিজ তারকার বড় ভক্ত হলেও, বিশ্বকাপের রোনালদোকে নিয়ে হতাশ মানুষের সংখ্যা অনেক। বিশেষ করে কঙ্গোর বিপক্ষে এ বিশ্বকাপের শুরুর ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে চারিদিকে সমালোচনার অন্ত নেই। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও অভিজ্ঞ কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও মনে করেন বিশ্বকাপের রোনালদো বড্ড সাদামাটা। অন্তত এই মঞ্চে তিনি লিওনেল মেসির ধারেকাছেও নেই।
কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ে শুরু হয়েছে পর্তুগালের অভিযান। সে ম্যাচ দেখে ভীষণ হতাশ মিন্টু রোনালদো সম্পর্কে হতাশা নিয়ে বলেন, ‘মেসির মতো রোনালদোও ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। মেসি-রোনালদোর সেরার দ্বৈরথ প্রায় ১৮ থেকে ২০ বছরের। ব্যালন ডি'অর জেতা থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব পর্যায়ে সমস্ত অর্জনেই ছিল তাদের প্রতিদ্বন্দ্বিতা। এছাড়া আন্তর্জাতিক ম্যাচে গোল, হ্যাটট্রিক, সব কিছু নিয়েই মেসির সঙ্গে চলে তুলনা। তবে বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্স কখনই আশা জাগানিয়া নয়। সর্বশেষ পাঁচ বিশ্বকাপে তিনি মাত্র আটটা গোল করেছেন। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাট্রিকসহ চার গোল, আর তার আগে পরের চার বিশ্বকাপে একটি করে চার গোল। তাই বলাই যায় বিশ্বকাপের রোনালদো বড্ড সাদামাটা।’
মিন্টু যোগ করেন, ‘কঙ্গোর বিপক্ষে তার পারফরম্যান্স ছিল কিছুটা হতাশাজনক এবং এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। পর্তুগালের পত্রপত্রিকায়ও সমালোচনা হচ্ছে। রোনালদোকে প্রথম একাদশে রাখা না রাখা নিয়ে চলছে বিতর্ক। আমিও মনে করি তার জায়গায় খেলার মতো অনেকেই আছেন। হোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো কনসেইসাওরা আছেন।’
মেসি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, আর্লিং হলান্ডরা করেছেন জোড়া গোল। বড় তারকাদের উজ্জ্বল শুরুর বিপরীত স্রোতে ভাসছেন রোনালদো। মিন্টুও মনে করেন, শেষ সময়ে এসে বেশ ভুগতে হচ্ছে রোনালদোকে। যেটা বিশ্বজুড়ে লাখো ভক্তের মোটেই কাম্য নয়।




