শূন্য আসন ভরাতে

গ্রাফিকস: আগামীর সময়
বিশ্বকাপ! এটা ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বকাপের খেলা দেখতে উপচেপড়া ভিড় হওয়ার কথা গ্যালারিতে। কিন্তু বিধিবাম। মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারির বেশ কিছু অংশ ছিল ফাঁকা। আর সেই দৃশ্য লজ্জায় ফেলেছে ফিফাকে। এত বড় টুর্নামেন্ট অথচ গ্যালারিতে লোক নেই!
দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচে মেক্সিকোর গুয়াদালহারায় বেশ কিছু সিট ফাঁকা ছিল। একই দৃশ্যের পুনরাবৃত্তি ঠেকাতে অভিনব উপায় বের করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। জাপান-নেদারল্যান্ডস ম্যাচে ফাঁকা সিটে বসিয়ে দিয়েছে ভলান্টিয়ারদের। উজ্জ্বল সবুজ ভেস্ট পরা ভলান্টিয়ারদের একটা অংশ খেলা দেখেছে গোল েপাস্টের পেছনে বসে।
বিশেষ করে গুয়াদালহারা, ডালাস স্টেডিয়ামের এ সিটগুলো বরাদ্দ রাখা হয়েছিল স্পন্সর, বিশেষ অতিথি অথবা হসপিটালিটি বক্সের টিকিট কাটা দর্শকদের জন্য। কিন্তু এগুলো মোটা অঙ্ক দিয়ে কিনতে অনাগ্রহী সবাই। বাধ্য হয়ে ভলান্টিয়ারদের খেলা দেখার সুযোগ করে দিয়ে শূন্য সিট ভরাট করতে হয়েছে ফিফাকে। ফিফা নিজেদের এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, একটি ভলান্টিয়ার গ্রুপকে গোলপোস্টের পেছনে বসে খেলা দেখার সুখবর দিচ্ছেন সিনিয়র কর্মকর্তা। তা শুনে উল্লাসে ফেটে পড়ছেন ভলান্টিয়াররা। স্পেশাল সিটে বসে খেলা দেখার সুযোগ পেয়ে নিজেদের ভালো লাগা প্রকাশ করছেন তারা।




