প্রতিপক্ষকে মেসির বার্তা
আর্জেন্টিনাকে হারানো সহজ হবে না

সংগৃহীত ছবি
চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন তিনি। আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রীতি ম্যাচে গোল ও রেকর্ড, দুটিই করলেন লিওনেল মেসি। মূল টুর্নামেন্ট শুরুর আগে আর্জেন্টাইন অধিনায়ক জানালেন, তাদের হারানো মোটেও সহজ হবে না।
আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে বদলি নেমেছিলেন মেসি। নামার পরপরই পেনাল্টি থেকে করেছেন গোল। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোলের কীর্তি এখন ৩৮ বছর বয়সী মেসির। আগের রেকর্ডটা ছিল আনহেল লাবরুনার।
ম্যাচের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনাকে হারানো প্রতিপক্ষদের জন্য কঠিন হবে।
মেসির বিশ্বাস, আর্জেন্টিনা দল আবারও বড় কিছু করার সামর্থ্য রাখে, ‘এই দলটা যা পেয়েছে, তা সবই তাদের প্রাপ্য। সমর্থকরা নিশ্চিত থাকতে পারেন, আমরা সব সময়ের মতো নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করব। আমরা কখনো সফল হব, কখনো হব না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা ইতিবাচক ফল পেয়েছি। আমাদের ভাগ্যও ভালো ছিল। তবে এটি কঠিন এবং দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তবে আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি, মানুষকেও অভ্যস্ত করে তুলেছি। আমরা অতীতের পুনরাবৃত্তি করার চেষ্টা করব।’
ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপ ধরে রাখার চ্যালেঞ্জ মেসিদের সামনে। প্রতিপক্ষ দলগুলোকে খানিকটা হুমকি দিয়েই মেসি বলছেন, এই আর্জেন্টিনাকে হারানো মোটেও সহজ কাজ হবে না ‘এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আমাদের হারানো প্রতিপক্ষদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। আমরা খুবই প্রতিযোগিতামূলক দল। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে সবাই।’
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে মেসির চোট আর্জেন্টিনার শিবিরে বেশ উদ্বেগ তৈরি করেছিল। সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে মেসি আজ মাঠে নামায়। মেসিও আজ শুরু থেকেই উপভোগ করেছেন বলেই জানিয়েছেন, ‘আমি খুবই খুশি। ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। মাঠে নামার জন্য মুখিয়ে ছিলাম। অস্বস্তি থাকলে যে ভয়গুলো কাজ করে, তা ঝেড়ে ফেলে একদম মুক্তভাবে খেলতে চেয়েছিলাম।’
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনার হাতে আছে আরও এক সপ্তাহ। সেই সময়ের মধ্যে দলের বাকি খেলোয়াড়দেরও পুরোপুরি ফিট হয়ে ওঠার আশা করছেন মেসি, ‘প্রস্তুতির শেষ সময়টা কাজে লাগাতে পারলে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনা নিজেদের সেরা অবস্থাতেই নামতে পারবে।‘




