মাঠে মেসির প্রভাব এখনো অপরিসীম

সংগৃহীত ছবি
আর্জেন্টিনার হয়ে ১৯৯৮, ২০০২ ও ২০০৬ বিশ্বকাপ খেলেছেন হার্নান ক্রেসপো। দেশটির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোল তার। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে তিনি সাক্ষাৎকার দিয়েছেন স্পেনের দৈনিক ‘এএস’কে। তুলে ধরা হলো এর চুম্বক অংশ
প্রশ্ন: আর্জেন্টিনা এবার বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলছে। কাতারের সেই দলটির প্রায় সবাই এখনো রয়েছেন। আলবিসেলেস্তেরা কেমন করবে এই বিশ্বকাপে?
ক্রেসপো: আমি এমন একটি দল দেখছি, যা এখন তাদের পূর্ণ পরিপক্বতায় পৌঁছেছে। তারা অত্যন্ত ঐক্যবদ্ধ, আরও জেতার জন্য ক্ষুধার্ত এবং বিশ্ব ফুটবলে সবার কাছ থেকে সমীহ আদায় করে নেয়। এবারও আর্জেন্টিনা অত্যন্ত শক্তিশালী একটি দল নিয়ে মাঠে নামবে।
প্রশ্ন: স্কালোনির কাছে এখন ‘নম্বর ৯’ পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো দুজন, এমনকি তিনজন তারকা খেলোয়াড় রয়েছেন। তিনি কাকে বেছে নেবেন?
ক্রেসপো: হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্তিনেস, দুজনই বিশ্বমানের স্ট্রাইকার। এই মুহূর্তে আমার ব্যক্তিগত পছন্দ আলভারেস, এর মানে এই নয় যে স্কালোনি লাউতারোকে খেলাবে না; লাউতারোও দুর্দান্ত খেলোয়াড়। স্কালোনি চাইলে তাকেও বেছে নিতে পারে। আর লোপেস জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য প্রশংসার দাবিদার এবং সেও একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
প্রশ্ন: এবারের বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার কারা?
ক্রেসপো: আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন। আমার মনে হয় দলগত বোঝাপড়া এবং কাঠামোর দিক থেকে তারা বাকিদের চেয়ে একধাপ এগিয়ে রয়েছে। তবে ব্রাজিলকে কখনোই হিসাবের বাইরে রাখা যাবে না। তারা যেকোনো মুহূর্তে শিরোপার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
প্রশ্ন: অনেকেই বলছেন এটি হবে ইয়ামালের বিশ্বকাপ।
ক্রেসপো: আমরা এমন এক ফুটবলারের উত্থান দেখছি, যারা ২০ বছরে মাত্র একবার জন্মায়। এই বয়সে সে যা করছে, তা সত্যিই অবিশ্বাস্য। সে যদি বিনয়ী থাকে এবং নিজের খেলাটা উপভোগ করা বজায় রাখে, তবে আগামী এক দশক বিশ্ব ফুটবল শাসন করার সব উপাদান তার মধ্যে আছে। যারা এ খেলাটিকে ভালোবাসেন, তাদের সবার জন্য ইয়ামাল একটি উপহার।
প্রশ্ন: আর্জেন্টিনা বা স্পেনের মধ্যে একটি দল যদি গ্রুপে দ্বিতীয় হয়, তবে শেষ ৩২-এর লড়াইয়েই তাদের মুখোমুখি হতে হবে, যা ফাইনালের আগের ফাইনাল!
ক্রেসপো: ফুটবলপ্রেমীদের জন্য এটি ভীষণ হতাশার হবে, যদি এই দুটি দলের একটিকে এত দ্রুত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। তারা এমন দুটি দল যাদের টুর্নামেন্টের অনেক পরের দিকে মুখোমুখি হওয়া উচিত।
প্রশ্ন: এটিই হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। সতীর্থ হিসেবে তার সঙ্গে খেলেছেন, আপনার কী মনে হয়— মেসির ফুটবলীয় উত্তরাধিকার বা ‘লেগাসি’ কী হবে?
ক্রেসপো: লিওর লেগাসি হলো— ‘নিখুঁত বা পারফেকশন’। নতুন করে প্রমাণ করার মতো তার আর কিছুই বাকি নেই। আজ আমরা এক ভিন্ন মেসিকে দেখি, যে ম্যাচের গতি খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে এবং সতীর্থদের দিয়ে বেশি গোল করায়। তবে মাঠে মেসির প্রভাব এখনো অপরিসীম। আমরা সবাই চাই তার এই ‘লাস্ট ড্যান্স’ বা শেষ নৃত্য যেন যতটা সম্ভব দীর্ঘস্থায়ী হয় এবং সম্ভব হলে আরও একটি বিশ্বকাপ ট্রফি তার হাতেই উঠুক।




