রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন রুনি

সংগৃহীত ছবি
পর্তুগাল জাতীয় দলের সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর বিরোধ নিয়ে তার আচরণের সমালোচনা করেছেন সাবেক সতীর্থ ওয়েইন রুনি। ইংল্যান্ডের সাবেক এই ফুটবলারের মতে, কোচ ও সতীর্থদের যেভাবে ছোট করেছেন রোনালদো তা কোনোভাবেই ঠিক হয়নি।
সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধে জড়িয়ে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দেন তিনি। তবে একই সঙ্গে কোচের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তোলেন এই ৪১ বছর বয়সী। নিজেকে পেলে ও দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনাও করেন তিনি।
দ্য ইউনাইটেড স্ট্যান্ডে রোনালদোর আচরণ নিয়ে কথা বলেন রুনি, ‘রোনালদোকে নিয়ে আমার প্রশ্ন একটাই—কেন? একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নিচ্ছিলেন। আর সে সময় রোনালদোর এভাবে পর্তুগাল দল ছেড়ে যাওয়া এবং পরে এমন বিবৃতি দেওয়া—সব দিক থেকেই ভুল ছিল। নিজের কোচ ও সতীর্থদের এভাবে ছোট করা, পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে ছোট করা—সবকিছুই ভুল ছিল। একজন ফুটবলার, সতীর্থ কিংবা কোচ হিসেবে বিষয়টি দেখা মোটেও ভালো লাগেনি।’
রুনির মতে, একসময় প্রত্যেক ফুটবলারকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে হয়। তবে রোনালদো সেই বাস্তবতা ভালোভাবে সামলাতে পারছেন না, ‘প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই এমন সময় আসে। একসময় আন্তর্জাতিক ফুটবল ছাড়তে হয়। দুর্ভাগ্যজনকভাবে রোনালদো বিষয়টি ভালোভাবে সামলাতে পারছেন না। এটা দেখা অস্বস্তিকর।’
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে খেলেছেন রুনি ও রোনালদো। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে একসঙ্গে তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন তারা। পরে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রোনালদো। তার আট বছর পর ইউনাইটেড ছাড়েন রুনি।
নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ না পাওয়ার পর থেকেই রোনালদো ও কোচের বিরোধ সামনে আসে। কোচ সংবাদ সম্মেলনে কী বলবেন সে বিষয়ে রোনালদোর বিবৃতিতে দেওয়া মন্তব্য নিয়েও ক্ষুব্ধ রুনি, ‘একজন কোচকে কী বলতে হবে তা আপনি ঠিক করে দিতে পারেন না। এমন কিছু আমি আগে কখনো দেখিনি।’



