ভিনিসিয়ুসকে সতর্ক করলেন মরিনহো

সংগৃহীত ছবি
মৌসুমের শুরুতে বাজে ফর্ম এবং লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদের একাদশে জায়গা হারিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকার বর্তমান অবস্থা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কোচ জোসে মরিনহো । তার মতে, দলে কোনো খেলোয়াড়ের জন্যই বিশেষ সুবিধা নেই। পারফরম্যান্স ও দলের প্রয়োজন অনুযায়ী একাদশ নির্বাচন করা হবে।
ভিনিসিয়ুসের জায়গায় সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে। বিশ্বকাপের পর নিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট ছিলেন না ভিনিসিয়ুস। তবে বিষয়টি নিয়ে অতীত ঘাঁটতে চান না মরিনহো, ‘গ্রীষ্ম এখন অতীত, আমরা শীতকালে চলে এসেছি। আমাদের কাছে বর্তমানটাই গুরুত্বপূর্ণ। সামনের গুরুত্বপূর্ণ সময়ের জন্য সে কীভাবে নিজেকে প্রস্তুত করে, সেটাই আসল বিষয়। আমরা ভিনিসিয়ুসকে ভালো ফর্মে দেখতে চাই।’
একাদশে ভিনিসিয়ুসের জায়গা নিশ্চিত কি না এমন প্রশ্নে মরিনহো বলেন, ‘দুই সপ্তাহ আগেও বলা হচ্ছিল, ভিনিসিয়ুসই রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যা। এরপর সিঙ্গাপুর ও জাপানের বিপক্ষে গোল করার পর এখন অন্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ভিনিসিয়ুস সম্পর্কে আমার মত বদলায়নি। সে অসাধারণ খেলোয়াড়। আমরা তাকে ভালোবাসি এবং আমাদের তাকে প্রয়োজন। তবে এখানে কোনো খেলোয়াড়ের জন্য বিশেষ সুবিধা নেই। আগে থেকেই কারও একাদশে জায়গা নিশ্চিত নয়।’
দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর পক্ষেও নিজের অবস্থান জানিয়েছেন মরিনহো, ‘শিগগিরই আমার দলে ২৩ জনের বেশি খেলোয়াড় থাকবে। তখন কয়েকজনকে গ্যালারিতে বসিয়ে রাখতে হবে। আমি এমন খেলোয়াড় চাই, যারা আমাকে বিভিন্ন বিকল্প দেবে। শুধু ১১ জন ভালো খেলোয়াড় নয়, এর চেয়েও বেশি চাই।’
লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলেন মরিনহো। দীর্ঘদিন পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে যাচ্ছে রিয়াল। প্রতিপক্ষকে নিয়েও সতর্ক এই কোচ, ‘সেল্তা ভিগো তাদের পয়েন্টের তুলনায় অনেক ভালো দল। দীর্ঘ সময় পর বার্নাব্যুতে ফেরায় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ।’
এদিকে দলের খেলোয়াড়দের চোটের সংখ্যা কমে আসায় সন্তুষ্ট মরিনহো। তার মতে, পেশাদার ফুটবলার হিসেবে নিজেদের দায়িত্ব সম্পর্কে খেলোয়াড়দের সচেতনতা এবং অনুশীলনের সুযোগ-সুবিধার সঠিক ব্যবহার শারীরিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করছে। এই ধারা অব্যাহত থাকলে মৌসুমের বাকি সময়ে রিয়াল আরও ভালো অবস্থানে থাকবে বলে আশা করছেন তিনি।



