মেসিকে আটকাতে চান না বেনিন ডিফেন্ডার

সংগৃহীত ছবি
ম্যাচটা তাদের কাছে স্বপ্নের মতো। এর ওপর সেটা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বিদায়ী ম্যাচ! বেনিনের ফুটবলাররা তাই আর্জেন্টিনার বিপক্ষে এই প্রীতি ম্যাচ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। বেনিন ডিফেন্ডার মোহামেদ তিয়ানি কোনোরকম রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন, মেসিকে আটকানোর কোনো বিশেষ পরিকল্পনা নেই তাদের!
মনুমেন্টাল স্টেডিয়ামে আগামীকাল ভোর ৫টায় মাঠে নামবে আর্জেন্টিনা-বেনিন। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। মেসির বিদায়ী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বেনিনের নামটাও লেখা থাকবে ইতিহাসে।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে অবিশ্বাস্য কিছু করে দেখানোর হাতছানি তাদের সামনে। দলটির গোলরক্ষক মার্সেল দাঞ্জিনু যেমন মেসি কিংবা আর্জেন্টিনাকে একবিন্দুও ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তবে তিয়ানি ভাবছেন ঠিক উল্টোটা। আর্জেন্টিনার অনলাইন পত্রিকা সি৫এন-এর সাংবাদিকের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘সে বিশ্বের সেরা। এতে কোন সন্দেহই নেই।‘
ফিফা র্যাঙ্কিংয়ের ৮৯ নম্বরে আছে বেনিন। আর তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা আছে দুইয়ে।
মেসিকে আটকাতে কী পরিকল্পনা করছে বেনিন, এই প্রশ্নের জবাবে তিয়ানির সাফ জবাব, ‘আমাদের মেসিকে আটকানোর আসলে কোনো পরিকল্পনা নেই। আমরা ম্যাচটা উপভোগ করব। আমাদের কেবল ম্যাচটা উপভোগ করতে হবে, এই তো।‘
মেসিকে সামনে পেলে কী করবেন তিয়ানি, সেটাও ভেবে রেখেছেন, ‘সত্যি বলতে, আমি তার দিকে এমন ভাবে তাকাব: মেসি, তুমি ঈশ্বর। আমার কাছে, সেই বিশ্বের সেরা।‘



