কেন ইনফান্তিনোর বিপক্ষে লড়ছেন তাশিমা?

সংগৃহীত ছবি
চতুর্থবারের মতো ফিফা সভাপতি হওয়ার লক্ষ্যে থাকা জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে আগামী মার্চের নির্বাচনে দাঁড়াবেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) অনারারি সভাপতি তাশিমা ও ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। জাপান ও এশিয়ার প্রতিনিধি হিসেবে তাশিমা জানালেন, ফিফায় সুশাসন আনতেই ইনফান্তিনোর বিপক্ষে দাঁড়াচ্ছেন তিনি।
জাপানে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফিফার ওপর আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যের কথা জানিয়েছেন তাশিমা। তাশিমা ২০১৬ সালের পরিস্থিতির কথা উল্লেখ করেন, যখন দুর্নীতির কেলেঙ্কারির পর ইনফান্তিনো দায়িত্ব গ্রহণ করেন।
তাশিমা বলেন, '১০ বছর আগেও অনেকটা একই রকম ঘটনা ঘটেছিল এবং তখন ইনফান্তিনো সংস্কার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে সভাপতি হয়েছিলেন। তিনি নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছেন। কিন্তু ১০ বছর পর, ২০২৬ সালে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে সুশাসনের নীতিকে উপেক্ষা করা হয়েছে।আমি ফুটবলের সঙ্গে যুক্ত, বিশেষ করে খেলোয়াড় ও কোচ হিসেবে কাজ করেছি। সেই জায়গা থেকে, বালোগনের লাল কার্ডের (নিষেধাজ্ঞা স্থগিতের) বিষয়টি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। তার ওপর, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এ বিষয়ে আমি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলাম, আর ঠিক সে কারণেই এখানে (নির্বাচনে) দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'
৬৮ বছর বয়সি তাশিমা জাপানের সাবেক ফুটবলার ও যুব দলের সাবেক কোচ। তিনিই প্রথম জাপানিজ প্রার্থী, যিনি ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৫ সাল থেকে তিনি ফিফা কাউন্সিলে দায়িত্ব পালন করছেন।
ইনফান্তিনো ২০১৬ সালে দায়িত্ব গ্রহণের পর, ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন; এবারই প্রথম তিনি প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন।



