লম্বা চুল মিস করেন হলান্ড

সংগৃহীত ছবি
তারকা হওয়ার আগে থেকেই তাকে লম্বা চুলেই দেখে অভ্যস্ত ভক্তরা। সেই আরলিং হলান্ড যখন এই মৌসুমের শুরুতে সব চুল ফেলে একবারে নতুন রূপে হাজির হলেন, ব্যাপারটা মানতে পারেননি অনেকেই। এবার হলান্ড নিজেই বলছেন, লম্বা চুলকে বেশ মিস করেন তিনি।
বিশ্বকাপের পর নতুন মৌসুম শুরুর আগে হঠাৎ এক ভিডিও বার্তায় হলান্ড জানান, সব চুল কেটে ফেলছেন তিনি। চুল একেবারেই ছোট করে নতুন রূপে মাঠে নেমেছেন এই নরওয়ে স্ট্রাইকার।
চুল ছোট করলেও হলান্ড আছেন সেই আগের ফর্মেই। প্রিমিয়ার লিগে দুই ম্যাচেই করেছেন দুই গোল। কভেন্ট্রির বিপক্ষে তার গোলে পাওয়া জয়ের পর ইএসপিএন ব্রাজিলকে হলান্ড জানিয়েছেন, আগের সেই লম্বা চুলকে মনে পড়ে তার, ‘নতুন চুলের স্টাইলটা আমার ভালো লেগেছে। অবশ্যই আমার লম্বা চুলের কথা মনে পড়ছে। কিন্তু পরিবর্তন করতেই হতো। এখন পর্যন্ত আমি এটা উপভোগ করেছি। আশা করি চুল বড় হবে এবং আবারও সেই লম্বা অবস্থায় ফেরত যাব।
ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন হলান্ড। শেষ ষোলোর সেই ম্যাচকে মনে করছেন তিনি, ‘নরওয়ের জন্য এটা ছিল বিশেষ ম্যাচ, কারণ শেষবার যখন বিশ্বকাপে খেলেছিলাম, তখনো ব্রাজিলের বিপক্ষে ম্যাচ ছিল। নরওয়ে একমাত্র দল যাদের ব্রাজিল কখনো হারাতে পারেনি। এটা আসলেই ছিল বিশেষ কিছু।’
ব্রাজিলকে বিদায় করার জন্য ক্ষমাও চাইলেন হলান্ড, ‘যেভাবে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলাম, এটাই ছিল আমাদের ইতিহাসের সেরা ম্যাচ। আর অবশ্যই একটি দারুণ জাতি, ফুটবলের দেশের বিপক্ষে খেলা বিশেষ কিছু। দেশটির সবার খেলার প্রতি টান আছে। এই ম্যাচটা আমার জন্য দারুণ এক স্মৃতি। আর হ্যাঁ, আবারও দুঃখ প্রকাশ করছি। এই হারের জন্য দুঃখিত। কিন্তু এটাই ফুটবল।’





