ব্রাজিলকে ফেভারিট মানছেন জাভি

সংগৃহীত ছবি
স্পেনের একমাত্র বিশ্বকাপ জয়ের সাক্ষী তিনি। নিজ দেশকে বিশ্বকাপে ফেভারিট মানবেন জাভি, এটাই স্বাভাবিক। তবে সাবেক বার্সেলোনা কোচ জাভি সে রকমটা ভাবছেন না। স্প্যানিশ পত্রিকা এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভি জানালেন, এবার মিশন হেক্সা পূরণ করতে পারে সেলেসাওরা। বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা অবশ্য শেষ ২৪ বছরে শিরোপার স্বাদ পায়নি। বরাবরের মতো বিশ্বকাপের আগে শিরোপা আলোচনায় আসছে তাদের নামও। আগের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগ দিয়েছে সেলেসাওরা। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে যুক্তরাষ্ট্রে পা রাখবেন ভিনি-রাফিনিয়ারা।
জাভি জানালেন, সাবেক রিয়াল কোচ আনচেলত্তি থাকাতেই ব্রাজিল তার চোখে ফেভারিট, ‘এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারে। এর বড় একটা কারণ আনচেলত্তি। তিনি এমন একজন কোচ, যার অধীনে ফুটবলারদের উন্নতি হয়। এ ছাড়া বিশ্বকাপ এলে ব্রাজিল অন্যরকম দলে পরিণত হয়।’ ব্রাজিল ছাড়া আর কাদের হাতে উঠতে পারে শিরোপা—জানালেন জাভি, ‘আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল এবার চ্যাম্পিয়ন হতে পারে। জার্মানি সেই আগের জার্মানি নেই। ইংল্যান্ড কিছু করলেও করতে পারে।’ জাভি অবশ্য চান, ইয়ামাল-গাভিদের হাতেই উঠুক সোনালি ট্রফি, ‘স্পেন শিরোপা জিতলে দারুণ হবে। আমাদের জার্সিতে দুই তারকা দেখতে পারলে ভালোই লাগবে। লুই দে লা ফুয়েন্তে দুর্দান্ত একজন কোচ। আমরা ফুটবলপাগল জাতি। আশা করি দল এবার ভালো কিছু করবে।’




