এসিসির প্রথম সভাতেই বড় দায়িত্বে তামিম

সংগৃহীত ছবি
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। প্রথমবারের মতো এই সভায় অংশ নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রথমবার অংশ নিয়েই বড় দায়িত্ব পেয়েছেন তিনি। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তামিমকে।
এই সভায় এশিয়ার ক্রিকেট নিয়ে এবারের সভায় বেশকিছু সিদ্ধান্তও হয়েছে। এসিসির সভাপতি পদে আগে শুধু এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশ— ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে বদল হতো। এখন থেকে এই তালিকায় যুক্ত করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও। নিয়ম অনুযায়ী আগামীতে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নেতৃত্বে দেখা যাবে তাদের।
এ ছাড়া সবার সম্মতিতে এসিসির নতুন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি। পাশাপাশি, আগামী মেয়াদের (২০২৬-২৮) জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ডের সদস্যও নির্বাচন করা হয়।
এশিয়ান ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি সভায় বলেছেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।’






