২৯ বছর পর টেস্ট না জিতে শ্রীলঙ্কার বছর পার

সংগৃহীত ছবি
তিন দশকে সাদা পোশাকে এত বাজে সময় আর কখনোই আসেনি তাদের। বছরজুড়ে টেস্ট খেলেও এক ম্যাচেও জিততে পারল না শ্রীলঙ্কা। ২৯ বছর পর এক বছরে কোন টেস্ট না জিতেই ২০২৬ সাল শেষ করল লংকানরা।
তিনটি ফরম্যাটে টানা আটটি আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্টে ব্যর্থ শ্রীলঙ্কা। ২০২৬ সালে একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি এবং আইসিসি র্যাংকিংয়েও বড় ধরনের পতনের শিকার হয়েছে।
সর্বশেষ ধাক্কা আসে আজ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের কাছে আট উইকেটে হেরে ১-০ ব্যবধানে সিরিজ হেরে বসে লংকানরা।
১৯৯৭ সালের পর প্রথমবারের মতো কোনো পঞ্জিকা বর্ষে টেস্ট জয় ছাড়াই শেষ করতে যাচ্ছে শ্রীলঙ্কা।
২০২৬ সালে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ছয়টি টেস্ট খেলেছে। কিন্তু কোনো জয়ের দেখা পায়নি। এর মধ্যে তিনটি হার এবং তিনটি ড্র রয়েছে।
ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ ছাড়া শ্রীলঙ্কার বাকি দুটি টেস্ট সিরিজ ছিল বিদেশের মাটিতে—ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে।
সর্বশেষ এই সিরিজে লংকানদের চেয়ে র্যাংকিংয়ে পিছিয়ে ছিল পাকিস্তান। পাকিস্তানের সিরিজ জয়ের পর আইসিসি টেস্ট দলীয় র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা নবম স্থানে নেমে গেছে, অন্যদিকে পাকিস্তান উঠে এসেছে সপ্তম স্থানে।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও তলানিতে চলে গেছে লংকানরা। নয় দলের মধ্যে শ্রীলঙ্কা বর্তমানে অষ্টম স্থানে রয়েছে।



