শোয়েব আখতার
ভেবেছিলাম ব্রায়ান লারাকে মেরেই ফেলেছি!

শোয়েবের বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রায়ান লারা।
ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ংকর গতি তারকা শোয়েব আখতারের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়িয়ে কাঁপতেন না এমন ব্যাটার খুঁজে পাওয়া দুষ্কর। সেই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজেও জীবনে দুবার ভীষণ ভয় পেয়েছিলেন। তার ভয়ংকর গতির বাউন্সার আঘাত হেনেছিল ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের শরীরে। বিশেষ করে লারাকে আঘাত করার পর শোয়েব ভেবেছিলেন, তিনি ক্যারিবিয়ান গ্রেটকে মেরেই ফেলেছেন!
সম্প্রতি উইজডেনের পডকাস্ট ‘দ্য স্কুপ’-এ অতিথি হয়ে এসে ক্যারিয়ারের সেই ভয়াবহ স্মৃতি রোমন্থন করেন ৫১ বছর বয়সী শোয়েব আখতার। লারার ঘটনাটি ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের। ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে লড়ছিল পাকিস্তান। ম্যাচের একপর্যায়ে শোয়েবের বলে বাউন্ডারি হাঁকান ব্রায়ান লারা। পরের বলেই প্রচণ্ড গতিতে এক ভয়ংকর বাউন্সার ছোড়েন শোয়েব। বলটি লারার হেলমেটের ঠিক নিচে ঘাড়ে আঘাত হানে এবং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন লারা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর তাকে হাসপাতালেও নিতে হয়েছিল।
সেই মুহূর্তের বর্ণনা দিয়ে শোয়েব বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ—বিশ্বের যেকোনো ড্রেসিংরুমেই খেলোয়াড়েরা বলত, “ভাই, আমাদের মেরে ফেলো না।” সর্বকালের অন্যতম সেরা এক ব্যাটার বলেছিলেন, “তোমার বলে আঘাত পাওয়ার পর আমার আর কখনোই ব্যাট হাতে নামতে ইচ্ছে করেনি।” আমি তাকে সম্মান দিয়ে বলেছিলাম, “দয়া করে আমাকে বাউন্ডারি মেরো না। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু বাউন্ডারি মারলে আমি তোমার মাথা উড়িয়ে দেব।”’
লারা বাউন্ডারি মারার পর শোয়েবের ভেতর নাকি সুপ্ত থাকা এক ‘দানব’ জেগে উঠেছিল! তিনি আরও বলেন, ‘আমি ব্রায়ান লারার কথাই বলছি। ও আমাকে চার মারার পর আমি মুখ ঢেকে বলছিলাম, “না, না, না, তুমি একটা দানবকে জাগিয়ে তুলেছ!” আমি জানতাম আমি অপ্রতিরোধ্য, তাই ওকে আঘাত করতে চেয়েছিলাম। কিন্তু যেই মুহূর্তে বলটা ওর গায়ে লাগল, আমার মনে হলো আমি ওকে মেরেই ফেলেছি!’
নিজের জীবনের একমাত্র ভয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে সাবেক এই পাকিস্তানি পেসার বলেন, ‘আমি জীবনে আর কোনো কিছুতেই ভয় পাইনি। কিন্তু শচীন ও লারাকে যখন আঘাত করেছিলাম, সেই দুটি মুহূর্তে ভীষণ ভয় পেয়েছিলাম। কারণ আমি জানতাম বলের গতি কতটা ভয়ংকর ছিল। আল্লাহ না করুন, তাদের যদি মৃত্যু হতো, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তেমন কিছু ঘটেনি।’





