সফল ক্যারিয়ারের অন্তর্নিহিত শক্তি তাকওয়া ও সততা

প্রতীকী ছবি
আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় ক্যারিয়ার শুধু আয়ের উৎসই নয়, বরং এটি মানুষের ব্যক্তিত্ব, মূল্যবোধ ও ভবিষ্যৎ জীবনেরও ভিত্তি। কিন্তু এই ক্যারিয়ার গঠনের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি নৈতিক শক্তি একজন মানুষকে সঠিক পথে রাখতে পারে, তা হলো তাকওয়া এবং সততা।
ইসলামে তাকওয়া বলতে বোঝায় আল্লাহর ভয়
ও তার প্রতি গভীর সচেতনতা,
যা মানুষকে গোপন ও প্রকাশ্য সব অবস্থায় অন্যায় থেকে বিরত রাখে। মহান আল্লাহ
তাআলা বলেছেন
‘নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন’ (সুরা বাকারা, আয়াত : ১৯৪) এই তাকওয়া
একজন মানুষের ভিতরে এমন এক আত্মনিয়ন্ত্রণ তৈরি করে, যা তাকে ক্যারিয়ারের প্রতিটি
সিদ্ধান্তে ন্যায় ও সত্যের পথে ধরে রাখে।
ক্যারিয়ার গঠনে প্রথম প্রয়োজন হলো সঠিক দৃষ্টিভঙ্গি। অনেকেই মনে করেন সফলতার জন্য যেকোনো উপায় গ্রহণযোগ্য, কিন্তু ইসলাম এই ধারণাকে প্রত্যাখ্যান করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন’ (মুসলিম, হাদিস: ১০১৫) এই হাদিস স্পষ্ট করে দেয় যে, হারাম উপার্জন বা অসৎ উপায় কখনোই প্রকৃত সফলতা আনে না।
সততা হলো ক্যারিয়ারের আরেকটি মূল স্তম্ভ। একজন মানুষ যখন তার কাজ, কথা ও আচরণে সত্যবাদী থাকে, তখন তার উপর মানুষের আস্থা তৈরি হয়। আর এই আস্থা ধীরে ধীরে তাকে দীর্ঘমেয়াদী সফলতার দিকে নিয়ে যায়। মহানবী (সা.) বলেছেন,
إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ
‘সত্য মানুষকে নেক কাজে পৌঁছে দেয় এবং নেক কাজ জান্নাতের দিকে নিয়ে যায়’ (বুখারি, হাদিস : ৬০৯৪)
ক্যারিয়ারের প্রতিটি ধাপে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই। পরীক্ষায় নকল করা, কর্মক্ষেত্রে দুর্নীতি, ঘুষ গ্রহণ বা মিথ্যা তথ্য প্রদান; এগুলো সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে ধ্বংস ডেকে আনে। তাকওয়া একজন মানুষকে এসব প্রলোভন থেকে রক্ষা করে।
অন্যদিকে সততা একজন মানুষকে পেশাগত জীবনে আলাদা পরিচিতি দেয়। একজন সৎ কর্মী বা পেশাজীবী হয়তো শুরুতে ধীরে অগ্রসর হয়, কিন্তু তার বিশ্বাসযোগ্যতা তাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে। আধুনিক কর্পোরেট বিশ্বেও integrity বা সততাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা হয়, যা ইসলামের শিক্ষারই প্রতিফলন।
ইসলাম শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যের জন্যও তাকওয়া ও সততাকে অপরিহার্য করেছে। একজন চাকরিজীবী যদি সৎ থাকে, একজন ব্যবসায়ী যদি আমানতদার হয়, তাহলে পুরো সমাজেই আস্থা ও স্থিতিশীলতা তৈরি হয়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা কথা বলো’ (সুরা আহযাব, আয়াত : ৭০) এই আয়াত শুধু ধর্মীয় নির্দেশ নয়, বরং পেশাগত জীবনের একটি নৈতিক গাইডলাইন।
কাজেই একথা প্রমাণিত সত্য যে, ক্যারিয়ার গঠনের প্রকৃত ভিত্তির ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি তাকওয়া ও সততার প্রয়োজনীয়তাও অনেক বেশি। দক্ষতা মানুষকে সুযোগ এনে দেয়, কিন্তু তাকওয়া ও সততা সেই সুযোগকে সফলতায় পরিণত করে। যে ব্যক্তি এই দুটি গুণকে জীবনের অংশ করে নেয়, তার ক্যারিয়ার শুধু সফলই হয় না, বরং তা বরকতময় ও স্থায়ী হয়।
লেখক: আলেম ও সাংবাদিক




