নির্বাচনের ফলাফলে কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি মেনে নেওয়া হবে না বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, প্রিয় দেশবাসী, ভোটের পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে ঘরে ফিরে যাবেন না। ফলাফলে কোনো ধরনের কারচুপি বরদাশত করা হবে না। প্রত্যেকটি ভোটকেন্দ্র পাহারা দিন।
এদিকে ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) তিনটি কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী, ২ হাজার ৩৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। এ পর্যন্ত গণনায় নাহিদ ইসলাম ৮২১ ভোটে এগিয়ে আছেন।
উল্লেখ্য, ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।

