জার্মানিতে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট রাখা, মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ উপাধিতে ভূষিত করা হয়।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করেছে দলটির জার্মানি শাখা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট রাখা, মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ উপাধিতে ভূষিত করা হয়।
গত শনিবার (২ মে) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় উদ্যাপন ও শুকরিয়া সভা থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম যখন তারেক রহমানকে ‘দেশবন্ধু’ হিসেবে ঘোষণা করেন। তখন উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে ও মুহুর্মুহু করতালির মাধ্যমে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
সভাপতির বক্তব্যে দেওয়ান শফিকুল ইসলাম বলেছেন, শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে অনুসরণ করে তারেক রহমান সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন।
‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মতো উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন। দেশ ও জনগণের প্রতি এই দায়বদ্ধতার কারণেই তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন’, তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপ স্মরণ করেন দেওয়ান শফিকুল।
‘এ জন্য তিনি জনগণের বন্ধু, দেশের বন্ধু। আজ থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান “দেশবন্ধু” হিসেবে পরিচিত হবেন’, যোগ করেন তিনি।
অনুষ্ঠানে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়ী করার জন্য দেশ ও প্রবাসের নেতা-কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ থেকে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জার্মানি শাখার সাধারণ সম্পাদক মাসুদ রেজা, বিএনপি নেতা মোজাম্মেল হক, আনিসুর রহমান শামীম, সাখাওয়াত হোসেন সোহাগ, মঞ্জুর সরকার প্রমুখ।



