কর্মী-সমর্থকদের কেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান বিএনপির

সংগৃহীত ছবি
কর্মী সমর্থকদের ভোট গোনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
একইসাথে পরিস্থিতি ঠিকঠাক থাকলে নির্বাচনে জয়ের আশাও প্রকাশ করেন তিনি।
এর আগে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি ঢাকা শহরের কিছু জায়গায় কেন্দ্র ঘুরে এসেছি। গতরাতেও তারা চেষ্টা করেছে, আজও নিশ্চয়ই তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে; তবে জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট প্রদান করতে পারছেন। কারণ গত এক যুগের বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে।
বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, আমি সবাইকে আহ্বান করব— আমরা সবাই মিলে চেষ্টা করি যেন ভোটাররা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের এই অধিকার প্রয়োগ করতে পারেন। আমরা সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।
জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী জানতে চাইলে তারেক রহমান বলেন, আমরা আত্মবিশ্বাসী, আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী। আমরা এতটুকু প্রত্যাশা করছি— যত আসন পেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব।
নির্বাচনে বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যাদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কম-বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।



