নৈরাজ্য সৃষ্টি করে গণতান্ত্রিক সরকারকে স্তব্ধ করা যাবে না : ১২ দল

সংগৃহীত ছবি
অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টি করে বর্তমান সরকারকে স্তব্ধ করা যাবে না বলে দাবি করেছে ১২ দলীয় জোট। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতে রাজপথে থাকার ঘোষণা দিয়ে জোটের নেতারা বলেছেন, অতীতের মতো ভবিষ্যতেও তারা আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থাকবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে এক অবস্থান কর্মসূচিতে জোট নেতারা এ কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ১২ দলীয় জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকনের সভাপতিত্বে এবং ১২ দলীয় জোটের সমন্বয়ক ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন— ১২ দলীয় জোটের মুখপাত্র ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, বাংলাদেশ এলডিপির মহাসচিব মাহবুব মোর্শেদ হেলাল, জাতীয় পার্টির (কাজী জাফর) সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মো. শরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ প্রমুখ।
কর্মসূচিতে জোট নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং লুটপাট চালানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরও আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ হয়নি।
তারা আরও বলেন, ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে পলাতক আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে।



