অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের বিশেষ কনস্যুলার ক্যাম্প ২৫-২৬ এপ্রিল

অস্ট্রেলিয়া থেকে রাজীব জবরজং
অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় বাস করছেন এমন বাংলাদেশিদের সরকারি সেবা পৌঁছে দিতে বিশেষ কনস্যুলার ক্যাম্প করছে ক্যানবেরার বাংলাদেশ হাই কমিশন।
আগামী ২৫ ও ২৬ এপ্রিল (শনিবার ও রবিবার) কিংসটনের কিংসবরো কমিউনিটি হাবে পরিচালিত হবে এই ক্যাম্প। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দেড়টা এবং দুপুর দুইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে কার্যক্রম।
হাই কমিশন তাদের বিজ্ঞপ্তি বলছে, তাসমানিয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বাস করা প্রবাসীদের কনস্যুলার সংক্রান্ত জটিলতা নিরসন করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। দুই দিনব্যাপী ক্যাম্পে পাওয়া যাবে ই-পাসপোর্ট, এনভিআর এবং বিভিন্ন নথিপত্র সত্যায়নের সুবিধা।



