গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির

সংগৃহীত ছবি
বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নারী বিভাগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিএমপি ঢাকা রেঞ্জকে এবং এপিবিএন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) হারিয়ে শিরোপা জেতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। প্রধান অতিথির বক্তব্যে আইজিপি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে কেবল বিনোদন নয়, পেশা হিসেবে গ্রহণেরও উদ্যোগ নিয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম বলেও মন্তব্য করেন তিনি।
আইজিপি জানান, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এ সময় কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে আইজিপি বলেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধুলায় আরও ভালো করতে পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অনুষ্ঠানে বিচ ভলিবলের জার্সি উন্মোচন করেন আইজিপি।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। গত ৪ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি ও নারী বিভাগে ৬টি দল অংশ নেয়।



