জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ : স্পিকার

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভর করে না; এটি নির্ভর করে জনগণের আস্থার উপর।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ আরও বলেছেন, ‘সংসদ পরিচালিত হয় সংবিধান ও প্রাসঙ্গিক আইনগত কাঠামো দ্বারা। কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি বাস্তবায়নের ক্ষেত্রে সহায়তা করে।’
সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায়— এ লক্ষ্যে সংসদ পরিচালিত হবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।
এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘মানুষের শেখার সময় দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আগত কেউ শিক্ষক বা ছাত্র নন; বরং একে অপরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা সবাই শিখব।’
‘কার্যপ্রণালী-বিধি, সংবিধান এবং জাতীয় সংসদের রেওয়াজ ও রীতি-নীতি সম্পর্কে জানা আবশ্যক। এই শিক্ষা মূলত তিনটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমত, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, সংসদকে আরও কার্যকর করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। তৃতীয়ত, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা’, যোগ করেন তিনি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।
দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় গ্রুপে আজ বৃহস্পতিবার অংশ নেন সংসদীয় আসন ১৫১ (ময়মনসিংহ-৬) থেকে ধারাবাহিকভাবে ১৫৬ (ময়মনসিংহ-১১), ১৫৮ (নেত্রকোনা-২) থেকে ১৮৭ (ঢাকা-১৪), ১৮৯ (ঢাকা-১৬) থেকে ১৯১ (ঢাকা-১৮); ২৭৮ চট্টগ্রাম-১, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮২ চট্টগ্রাম-৫ থেকে ৩০০ (বান্দরবান) আসনের নির্বাচিত সংসদ সদস্যরা এবং সংরক্ষিত নারী আসন ৩২৫ (মহিলা আসন-২৫) থেকে ৩৫০ (মহিলা আসন-৫০) পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্যরা।




