গোপালগঞ্জে পানি নিয়ে অপপ্রচার, বিজিবির প্রতিবাদ

গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা, ফাইল ছবি
গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খাবার পানি ও প্রয়োজনীয় সামগ্রী আওয়ামী লীগ সরবরাহ করছে, এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে।
‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে প্রচারিত এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজিবি।
আজ শুক্রবার রাতে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবার সামগ্রী সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে কেনা হচ্ছে। স্থানীয় দোকান থেকে মূল্য পরিশোধ করে পানি কেনার পর দোকানদার ভ্যানযোগে তা বিজিবি সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বাহিনীর নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্যকোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পৃক্ততা নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন প্রচারণার পরিপ্রেক্ষিতে এক প্রতিবাদলিপিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিজিবি। এতে বলা হয়, সাধারণ একটি ক্রয় ও সরবরাহ কার্যক্রমকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বিজিবি জানায়, দায়িত্ব পালনরত সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে সদস্যদের জন্য এসব সামগ্রী সরবরাহের প্রশ্নই আসে না। ফলে বিজিবির অর্থায়নে কেনা পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করা বাস্তবতাবিবর্জিত।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলকে প্রকৃত তথ্য যাচাই না করে কোনো কিছু প্রচার না করার আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজিবির ভাষ্য, একটি রাষ্ট্রীয় বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব।



