প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধির সাক্ষাৎ

টেইলর গ্যারেট ও ড. এ কে এম শামছুল ইসলাম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটারিয়ান রেসপন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টেইলর গ্যারেট।
আজ বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।



