রোগ নির্ণয় ব্যবস্থা শক্তিশালী করতে কৌশলগত সভা

সংগৃহীত ছবি
দেশে ক্যান্সারসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের আধুনিক ও নির্ভুল নির্ণয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কৌশলগত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের আলফা হলে অনুষ্ঠিত হয় এ সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি বলেছেন, ‘দেশে ক্রমবর্ধমান ক্যান্সার রোগী এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার চাহিদা পূরণে পজিট্রন এমিশন টমোগ্রাফি-কম্পিউটেড টমোগ্রাফি সেবা সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় রেডিওফার্মাসিটিক্যালসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারিত্ব প্রয়োজন।’
পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশন সদস্য মো. হাসিনুর রহমান ও ড. মাহফুজা খান।
সভায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান বিশ্বে ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুবিক রোগসহ বিভিন্ন জটিল রোগের প্রাথমিক ও সঠিক শনাক্তকরণে পজিট্রন এমিশন টমোগ্রাফি-কম্পিউটেড টমোগ্রাফি প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই প্রযুক্তির মূল উপাদান হলো সাইক্লোট্রন-ভিত্তিক পজিট্রন এমিশন টমোগ্রাফি রেডিওফার্মাসিউটিক্যালস, যা রোগ নির্ণয়ের নির্ভুলতা বৃদ্ধি করে এবং রোগীর চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। দেশে এই সেবার ক্রমবর্ধমান সম্প্রসারণের প্রেক্ষাপটে রেডিওফার্মাসিউটিক্যালসের নিরবচ্ছিন্ন, সময়োপযোগী এবং মানসম্মত সরবরাহ নিশ্চিত করা এখন জাতীয় অগ্রাধিকার।
উচ্চপর্যায়ের এই সভায় দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি পজিট্রন এমিশন টমোগ্রাফি-কম্পিউটেড টমোগ্রাফি কেন্দ্রসমূহের প্রতিনিধি, নিউক্লিয়ার মেডিসিন ও পজিট্রন এমিশন টমোগ্রাফি-কম্পিউটেড টমোগ্রাফি ইমেজিং বিশেষজ্ঞ, সাইক্লোট্রন প্রযুক্তিবিদ, রেডিওফার্মাসিউটিক্যালস উৎপাদন ও সরবরাহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এভারকেয়ার হাসপাতাল ঢাকা, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, সম্মিলিত সামরিক হাসপাতাল, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।




