তারেক রহমান ও বিএনপিকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, ‘নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন এবং বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’
এতে আরও বলা হয়, ‘আমরা আমাদের অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তা নিয়ে একযোগে কাজ করতে আগ্রহী।’
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করছে।
সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। এ ঘোষণা আগেই দিয়েছে বিএনপি। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচন করেছেন। তিনি দুটি আসনেই জয়ী হয়েছেন।

