দনিয়া স্টুডিও থিয়েটার হলে শনিবার ‘সারাবেলা নাট্যোৎসব’

নাটকের একটি দৃশ্য
রাজধানীর দনিয়া স্টুডিও থিয়েটার হলে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘সারাবেলা নাট্যোৎসব’। সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দিনের আলোয় চারটি ভিন্ন নাট্যদলের ভিন্ন ভিন্ন ধরনের নাটক নিয়ে সাজানো হয়েছে এই উৎসব। উৎসবের সময়সূচী অনুযায়ী—সকাল ১১ টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাট-এর প্রযোজনা ‘গার্ডিয়ানস অফ দ্য গডস’, দুপুর সাড়ে বারোটায় মঞ্চস্থ হবে নাট্যপালার নাটক ‘বাঘ’।
মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকাল ৩টায় মঞ্চস্থ হবে অনুস্বর-এর প্রযোজনা ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’ এবং উৎসবের সর্বশেষ নাটক হিসেবে বিকাল ৫টায় প্রদর্শিত হবে শূন্যন রিপোর্টরি থিয়েটার-এর প্রযোজনা ‘গোধুলিবেলা’।
প্রতিটি নাটক শেষে থাকছে ‘দর্শকের মুখোমুখি’ অনুষ্ঠান। এতে সংশ্লিষ্ট নাটকের অভিনেতা ও নির্দেশকরা উত্তর দেবেন দর্শকদের প্রশ্নের।
আয়োজকদের মতে, নাটকের পাশাপাশি এই আলোচনা দর্শকদের জন্য এক বাড়তি পাওনা হিসেবে কাজ করবে।
২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক একক নাট্য উৎসবের মধ্য দিয়ে দনিয়া স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু হয়েছিল। এই মঞ্চে এর আগে মহাকাল নাট্য সম্প্রদায় বাংলা নাট্য উৎসবের আয়োজন করেছিল, যার সহযোগী ভেন্যু হিসেবে ছিল শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মঞ্চ।
এমনকি করোনা মহামারীর প্রতিকূল সময়েও মানুষের মনোবল চাঙ্গা রাখতে ‘ভয়কে জয় করবে নাটক’ শিরোনামে সাতটি দলের অংশগ্রহণে উৎসব আয়োজন করা হয়েছিল এই প্রাঙ্গণে।

