পর্যবেক্ষণ মিশন প্রধান
অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে ইইউ

সংগৃহীত ছবি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, সংস্থাটি একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে ঢাকায় সাংবাদিকদের তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনটিকে একটি তাৎপর্যপূর্ণ দিন।
ইজাবস জানান, নির্বাচনের কার্যক্রম নিয়ে শনিবারের মধ্যেই একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে মোট প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং প্রায় ২০০ জন বিদেশি সাংবাদিক মাঠে কাজ করছেন।
এর আগে সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হলে সহকর্মীদের নিয়ে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউইওএম) প্রধান ইভার্স ইজাবস।
ইভার্স ইজাবস বলেন, আমরা পুরোপুরি নিরপেক্ষভাবে কাজ করছি। আমরা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি না। আমরা শুধু নির্বাচন পর্যবেক্ষণ করছি এবং ১৪ ফেব্রুয়ারি এই নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে, তা নিয়ে আমাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব।



