রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ নারীর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কাঁঠালবাগান বাজার সংলগ্ন একটি আবাসিক ভবনে চুলার গ্যাস থেকে লাগা আগুনে দগ্ধ সাবা (৩০) নামে নারী মারা গেছেন।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ সাবার দেড় বছরের শিশু সন্তানও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দশতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে শিশুসহ পাঁচজন দগ্ধ হলে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধ অন্যরা হলেন আবদুর রহমান (৩২), যিনি ৬ শতাংশ ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরিতে আক্রান্ত; সানজিদা (২০), ৩৭ শতাংশ ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি; সামসুন নাহার (৫০), ৪০ শতাংশ ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি এবং দেড় বছরের শিশু (৫৭ শতাংশ ফ্লেম বার্ন)।
উদ্ধারকারী প্রতিবেশী সুমন জানান, রান্না করার জন্য চুলা ধরাতে গেলে আগুন লেগে যায়। তার ভাষ্য, রাতে রান্নার সময় চুলায় গ্যাস ছিল না এবং হয়তো তখন চুলা খোলা থাকায় কেউ তা বুঝতে পারেননি। পরে গ্যাস এলে পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ভোরে চুলা ধরাতে গেলে আগুনের সূত্রপাত হয়।
দগ্ধ আবদুর রহমানের মা রহিমা জানান, তার ছেলে একটি ব্যাংকে চাকরি করেন এবং স্ত্রী সাবা ও সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামে এবং আবদুর রহমান মৃত আবুল বাশারের ছেলে। এ ছাড়া দগ্ধ বাকি দুজন মা-মেয়ে ওই ফ্ল্যাটে সাবলেট থাকতেন বলে জানান তিনি।



