যৌনকর্মকে অপরাধমুক্তকরণের আহ্বান নারীপক্ষের

সংগৃহীত ছবি
যৌনকর্মকে অপরাধমুক্তকরণ এবং যৌনকর্মীদের প্রতি সংবেদনশীল থেকে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে নারী অধিকারবিষয়ক সংগঠন নারীপক্ষ।
সংবাদ প্রতিবেদন তৈরির ক্ষেত্রে যৌনকর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব, সামাজিক অপমান ও বৈষম্য সৃষ্টি করে—এমন ভাষা পরিহারের আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রতিনিধিরা।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে নারীপক্ষের প্রধান কার্যালয়ে আয়োজিত যৌনকর্মের অপরাধমুক্তকরণবিষয়ক অধিবেশনে এ আহ্বান জানানো হয়। অধিবেশনটি পরিচালনা করেন সোয়াসারের আঞ্চলিক সমন্বয়কারী জান্নাত হুসনা। এতে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জাহানারা খাতুন।
সভায় বক্তারা উল্লেখ করেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে যৌনকর্মীদের মর্যাদা ও মানবাধিকার রক্ষা করতে হবে। তাদের অবমাননা করে এমন শব্দের পরিবর্তে সম্মানজনক ও সংবেদনশীল ভাষা ব্যবহার করা প্রয়োজন। এ ক্ষেত্রে ‘পতিতা’ শব্দের পরিবর্তে ‘যৌনকর্মী’ এবং ‘বেশ্যাপল্লি’র পরিবর্তে ‘যৌনপল্লি’ শব্দ ব্যবহার করা যেতে পারে।
তারা বলেন, যৌনকর্মীদের সাক্ষাৎকার নেওয়া এবং তাদের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তাদের আগ্রহ, সম্মতি ও ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে, নাম ও পরিচয় প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেওয়া এবং এমন তথ্য প্রকাশ থেকে বিরত থাকা প্রয়োজন, যা তাদের সামাজিকভাবে হেয় করতে পারে বা নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে পারে।



