১০ম গ্রেডের দাবি
খন্দকার মোশাররফের সঙ্গে প্রাথমিকের প্রধান শিক্ষকদের সাক্ষাৎ

ছবি: আগামীর সময়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড মর্যাদার ফিক্সেশন ‘আইবাস++’ (iBAS++) সিস্টেমে সংযুক্ত করার দাবিতে তৎপরতা জোরদার করেছে সম্মিলিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি।
এই দাবি নিয়ে গতকাল শুক্রবার সকালে সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের এমপি অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এমপির বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাতে শিক্ষক নেতৃবৃন্দ প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চিত ও কাঙ্ক্ষিত ১০ম গ্রেড এবং গেজেটেড পদমর্যাদার বিষয়টি আইবাস++ সিস্টেমে দ্রুত অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারা ড. খন্দকার মোশাররফ হোসেনের মাধ্যমে এই দাবিটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।
একই সঙ্গে বিষয়টি যেন জাতীয় সংসদে উপস্থাপন করা হয়, সেই ব্যাপারেও তার (এমপি) ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন শিক্ষক প্রতিনিধিরা।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই দাবিটি বাস্তবায়িত হলে সারা দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পাওনা আদায় হবে। এর ফলে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকরা আরও বেশি অনুপ্রাণিত হয়ে কাজ করবেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন শিক্ষকদের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন।
শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার দাবির সপক্ষে প্রয়োজনীয় সকল নথিপত্র ও ফাইল প্রস্তুত করে তার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির জেনারেল সেক্রেটারি এডভোকেট রেজাউল করিম, ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুব উদ্দিন, ফজলে আহমেদসহ প্রমুখ নেতৃবৃন্দ।




