অ্যানথ্রপিকের প্রতিবেদন
নিজের প্রতিলিপি নিজেই তৈরি করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে বেড়ে চলেছে উদ্বেগ। এ প্রযুক্তি নিয়ে একের পর এক নেতিবাচক তথ্য বাড়াচ্ছে আতঙ্ক। গত মাসে এআই-সংক্রান্ত নিরাপত্তা এবং গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের কর্মকর্তা ইভান হুবিঙ্গার জানিয়েছিলেন, আগামী এক দশকের মধ্যেই মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে এআই। এবার প্রতিষ্ঠানটি বলছে, কয়েক মাসের মধ্যেই কোনো ডেটা সেন্টার ছাড়াই ক্ষুদ্র কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে নিজেদের প্রতিলিপি।
গত সোমবার অ্যানথ্রপিক তাদের নিজেদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করে আলজাজিরা, রয়টার্স, সিএনবিসিদগ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। আলজাজিরার গতকাল মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, এআইয়ের এ প্রতিলিপি ঘটবে স্মার্ট টিভি এবং ফ্রিজের মতো দৈনন্দিন ব্যবহারের পণ্যগুলোয়। উদ্বেগজনক এ তথ্যের পেছনে রয়েছে অ্যানথ্রপিকের গবেষণা। গবেষক উইলিয়াম ঝৌ এবং ড্যানিয়েল ফ্রিম্যান তাদের গবেষণার অংশ হিসেবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনে তৈরি একাধিক এআই মডেলের ওপর। এ গবেষণায় তারা দেখেছেন, এআই মডেলগুলো কোনো অরক্ষিত ডিভাইস খুঁজে বের করতে, সেগুলোয় নিজেদের অনুলিপি তৈরি করতে এবং মানুষের সহায়তা ছাড়াই ছড়িয়ে পড়া অব্যাহত রাখতে পারে কি না। ফলাফলে তারা লক্ষ্য করেছেন, ৩০ বিলিয়ন প্যারামিটারের কম আকারের ছোট মডেলগুলোই নিজেদের অনুলিপি তৈরির জন্য প্রয়োজনীয় অনেক ধাপ সম্পন্ন করতে সক্ষম।
গবেষক দলটির মতে, কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ‘হোস্ট’ না থাকায় এ ধরনের স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি তৈরি করতে সক্ষম এআইকে বন্ধ করা বা থামানো বেশ কঠিন হবে। গবেষক উইলিয়াম ঝৌ এবং ড্যানিয়েল ফ্রিম্যান অ্যানথ্রপিকের ওয়েবসাইটে লিখেছেন, ‘বাসাবাড়ি ও ছোট ব্যবসার আইওটি ডিভাইসগুলো এ ধরনের আক্রমণের প্রাথমিক লক্ষ্যবস্তু হতে পারে; কারণ এগুলো ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে এবং ঐতিহাসিকভাবেই এগুলোয় নিরাপত্তার ব্যবস্থা অত্যন্ত সীমিত।’ অ্যানথ্রপিক উল্লেখ করে, এ ধরনের ডিভাইসের নিরাপত্তাব্যবস্থা প্রায়ই দুর্বল হয়, যার সুযোগ নিয়ে কোনো মডেল এগুলোর সিস্টেমে অনুপ্রবেশ করতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো মডেল যদি আকারে এত বড় হয় যে, তা একটি ডিভাইসে এঁটে না-ও ধরে, তবে সেটিকে ‘বিভিন্ন খণ্ড বা অংশে’ ভাগ করে একাধিক ডিভাইসের মাধ্যমে চালানো সম্ভব। গবেষকরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে সব ধরনের হার্ডওয়্যারে এমন সব ‘এজেন্ট’ বা স্বয়ংক্রিয় প্রোগ্রাম সক্রিয় থাকবে, যা চারপাশকে আচ্ছন্ন করে ফেলবে, যার মধ্যে এমন কিছু প্রোগ্রামও অন্তর্ভুক্ত থাকবে, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে।



