স্বাস্থ্য টিপস
মাড়ি থেকে রক্তপড়া কতটা ঝুঁকিপূর্ণ

গ্রাফিকস: আগামীর সময়
দাঁত ব্রাশ করা বা শক্ত খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্তপাত হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। বেশিরভাগ মানুষই এটাকে স্বাভাবিক বিষয় মনে করেন। তবে সুস্থ মাড়ি থেকে সহজে রক্তপাত হয় না। তাই দীর্ঘদিন ধরে যদি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে তবে এটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
মাড়ি থেকে রক্তপাতের অনেক কারণ আছে। প্রধান কারণ মুখগহ্বর ঠিকমতো পরিচ্ছন্ন না রাখার ফলে দাঁতের চারপাশে প্লাক ও ক্যালকুলাস জমে প্রদাহ সৃষ্টি হওয়া। এ ছাড়াও রয়েছে জোরে জোরে শক্ত ব্রেসেলের ব্রাশ ব্যবহার করা, মিষ্টিজাতীয় আঠালো খাবার খাওয়া, ভিটামিনের ঘাটতি, তামাকজাত দ্রব্যের ব্যবহার এবং নানা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন দীর্ঘদিন ধরে রক্ত পাতলা করা ওষুধ সেবন। ডায়াবেটিসের কারণে ও মাড়িতে ইনফেকশনের কারণেও রক্তপাত হতে পারে। যাদের হিমোফিলিয়া লিউকেমিয়া, থ্রোম্বোসাইটপেনিয়ার মতো জটিল ব্লিডিং ডিজঅর্ডার আছে, তাদের ক্ষেত্রেও মাড়ি থেকে রক্ত পড়া অবশ্যই একটি প্রাথমিক লক্ষণ।
অনেকেই এ সমস্যাগুলোকে গুরুত্ব না দিয়ে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে থাকেন। পরে মাড়ি ফুলে যায়, লাল হয়ে যায়, মুখে দুর্গন্ধ হয়, দাঁতের মধ্যে খাবার আটকে যায়; কিংবা মাড়ি থেকে পুঁজ বের হয় এবং ব্যথা হয়। দীর্ঘদিনের মাড়ির রোগ অবহেলা করলে দাঁতকে ধরে রাখা হাড় ও অন্যান্য টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে দাঁত ধীরে ধীরে নড়বড়ে হয়ে পড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে।
তাই মাড়ি থেকে রক্তপাত হলে নিজে থেকে শুধু ওষুধ বা মাউথওয়াশ ব্যবহার করে সমস্যাটি চাপা না দিয়ে, শুরুতেই একজন ডেন্টিস্টের পরামর্শ নিন।
লেখক : ওরাল এন্ড ডেন্টাল সার্জন, আলোক ডেন্টাল কেয়ার ইউনিট, মিরপুর।



