ইরান হামলার নামে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও প্রচার

ছবিঃ আগামীর সময়
চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ‘ইরানে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তুপের মধ্যেও অক্ষত মসজিদ’ শীর্ষক একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক সংঘাতের নয়।
যাচাই করে জানা যায়, আলোচিত ভিডিওটি ২০২৫ সালের নভেম্বর মাসে রাজধানীর কড়াইল বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার। ওই ঘটনায় বহু ঘরবাড়ি পুড়ে গেলেও একটি মসজিদ অক্ষত থাকার দৃশ্য সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছিল।
এ বিষয়ে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রকাশিত ‘কড়াইল বস্তির আগুনে সব পুড়ে গেলেও, অক্ষত মসজিদ’ শীর্ষক একটি প্রতিবেদন পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। একই তথ্য দেশ টিভির ২৬ নভেম্বরের একটি ভিডিও প্রতিবেদনেও নিশ্চিত হওয়া যায়।
এছাড়া আরটিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৫ নভেম্বর সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনায় হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হলেও মসজিদটি আগুনের মূল প্রবাহের বাইরে থাকায় অক্ষত থাকে। আশপাশের প্রায় সব ঘরবাড়ি পুড়ে গেলেও মসজিদ ও কোরআনের কপি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
সুতরাং, ইরানে ইসরায়েলের হামলায় অক্ষত মসজিদের দৃশ্য দাবিতে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, সেটি আসলে বাংলাদেশের কড়াইল বস্তির পুরোনো অগ্নিকাণ্ডের ভিডিও। দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।



