অভিনেত্রীর নির্যাতনের ছবিকে ‘হিন্দু-মুসলিম’ ইস্যু বানিয়ে অপপ্রচার

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর ক্ষতবিক্ষত কয়েকটি ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং ‘আব্দুল’ নামের এক মুসলিম যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন।
ব্যঙ্গাত্মকভাবে ‘মেরা আব্দুল আলাগ হ্যায়’ বা ‘আব্দুলের ভালোবাসার চিহ্ন’- এমন ক্যাপশন ব্যবহার করে দাবিটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আলোচিত ছবিগুলো কোনো ধর্মীয় সম্পর্ক বা মুসলিম প্রেমিকের হাতে নির্যাতনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়।
তথ্য যাচাই করে জানা যায়, ছবিগুলো মালায়ালাম চলচ্চিত্রের অভিনেত্রী অনিকা বিক্রমণের। তিনি ২০২৩ সালে তার প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাইয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে নিজের আঘাতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম News18–এর ২০২৩ সালের ৭ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে একই ঘটনার বিবরণ ও সংশ্লিষ্ট ছবির মিল পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনিকা বিক্রমণ তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে ধরেন এবং সেই পরিপ্রেক্ষিতেই তিনি আঘাতের চিহ্নসহ নিজের ছবি প্রকাশ করেন।
এ ছাড়া ভারতের আরও একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করেও একই তথ্যের সত্যতা পাওয়া গেছে।
সুতরাং, মালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমণের ওপর তার প্রাক্তন প্রেমিকের নির্যাতনের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ‘মুসলিম প্রেমিকের হাতে হিন্দু মেয়ের নির্যাতন’- এমন দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।



