এবার নেটফ্লিক্সে রোমান্টিক কমেডি সিনেমায় লিসা

সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় কেপপ দল ‘ব্ল্যাকপিংকের’ সদস্য লিসা অভিনয় করছেন নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমায়। দ্য কোরিয়া টাইমস লিখেছে, অভিনয়ের পাশাপাশি এই সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকছেন তিনি।
মিডল চাইল্ড প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ডেভিড বার্নাড। তবে সিনেমাটির নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। জানা যায় এটি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘নটিং হিল’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরী করা হবে, যেখানে একজন গ্লোবাল সুপারস্টার এবং একজন সাধারণ মানুষের রোমান্স ফুটে উঠবে। আগের সিনেমাটিও একই থিমের ওপর ছিল।
লিসা নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের আরও একটি সিনেমাতেও অভিনয় করেছেন। এই তারকা অভিনয়ে আলোচনায় আসেন ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে কাজ করে। গত বছর এইচবিওর সিরিজটি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় লিসার।
২৯ বছর বয়সী লিসার জন্ম থাইল্যান্ডের, তার আসল নাম লালিসা মনোবাল। ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে লিসার দক্ষিণ কোরিয়ায় আসে। মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’ আত্মপ্রকাশ করে।
মুক্তির পরপরই গান দুটি দক্ষিণ কোরিয়ার গান মেগা চার্টে শীর্ষস্থান দখল করে। এছাড়া বিলবোর্ড ওয়ার্ল্ড ডিজিটাল গান চার্টে এই অ্যালবামের দুটি গানই ১ এবং ২ নম্বর অবস্থানে ছিল, যা কোনো নবাগত কোরিয়ান গার্ল গ্রুপের জন্য ছিল এক বিশাল রেকর্ড।

