ছেলেসন্তানের মা হলেন সামান্থা রুথ প্রভু

রাজ নিদিমোরুর ও সামান্থা রুথ প্রভু
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং নির্মাতা রাজ নিদিমোরুর সংসারে এলো নতুন অতিথি। গত ১৯ নভেম্বর তাদের কোলজুড়ে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। আজ শুক্রবার সামাজিক মাধ্যমে নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবরটি দিয়েছেন সামান্থা।
ইনস্টাগ্রামে বাবা-মায়ের হাতের মাঝে সদ্যোজাত সন্তানের কোমল হাতের ছবি পোস্ট করে সামান্থা ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সুন্দর পুত্রসন্তান, দেব নিদিমোরু। আমাদের হৃদয় এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি!’
পোস্টটি প্রকাশের পরপরই দক্ষিণী ও বলিউড তারকাদের পাশাপাশি লাখো ভক্তের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।
কিছুদিন আগেই বাড়িতে ঘরোয়া আয়োজনে পূজা করে অনাগত সন্তানের মঙ্গল কামনা করেছিলেন তারা, যার ঝলকও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।
অন্যান্য তারকাদের মতো সোশ্যাল মিডিয়ায় ঢাকঢোল পিটিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি সামান্থা। বরং নিজের প্রযোজিত ও অভিনীত হিট তেলুগু সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাকসেস মিটে স্বামী রাজ ও পরিচালককে পাশে নিয়ে বেবি বাম্প প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।
সে সময়ই জানিয়েছিলেন, কাজ গুছিয়ে মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি, তবে বিরতি শেষে নতুন সিনেমা নিয়ে আবারও ফিরবেন পর্দায়।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করতে গিয়েই কাছাকাছি আসেন সামান্থা ও রাজ। এরপর ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটোরের ঈশা ফাউন্ডেশনে নিভৃতে বিয়ের পিঁড়িতে বসেন তারা।
বিয়ের এক বছরের মাথায় প্রথম সন্তান ‘দেব’-এর আগমনে এখন পূর্ণতা পেল এই তারকা দম্পতির সংসার।





