রাহুল ও শ্বেতাকে একসঙ্গে পানি থেকে তোলা হয়েছিল : সিদ্ধার্থ

সেই সমুদ্র সৈকতে রাহুল, শ্বেতা ও সিদ্ধার্থ (বাম থেকে)
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল মারা গেছেন। সমুদ্র সৈকতে রাহুলের শুটিংয়ের যে ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেখানে অভিনেত্রী শ্বেতা মিশ্র ছাড়াও দেখা গিয়েছিল অভিনেতা সিদ্ধার্থ সেনকে। গল্পে তিনি শ্বেতার প্রাক্তন প্রেমিকের চরিত্রে অভিনয় করছিলেন।
ঐদিন সমুদ্র সৈকতে রাহুল অরুণোদয় ব্যানার্জির সঙ্গে তারও দৃশ্য ছিল। কিন্তু হঠাৎই ঘটে সেই অঘটন। এক সপ্তাহ কেটে গেলেও প্রকাশ্যে আসছিলেন না সিদ্ধার্থ। এবার তিনি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
এখনও আতঙ্ক কাটেনি তার। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা। চোখের সামনেই রাহুলকে পানিতে তলিয়ে যেতে দেখেছেন তিনি। তাই একপ্রকার আতঙ্কেই আছেন সিদ্ধার্থ। শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে রাহুলের বাড়িতে কিংবা প্রতিবাদ মিছিলে দেখা যায়নি তাকে।
ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিদ্ধার্থ সেন বললেন, মাথায় সবসময় ঘুরছে সেদিনের ঘটনাটা। চোখের সামনেই শুটিং করতে করতে রাহুলদা পানিতে তলিয়ে গেল। অনেকেই বলছে শ্বেতাকে আগে উদ্ধার করা হয়েছিল, রাহুলদা পানিতে এক, দেড় ঘণ্টা বেশি ছিল। কিন্তু আমি তো দেখেছি, দুজনকেই একসঙ্গে পানি থেকে তোলা হয়েছিল। হাসপাতালে যাওয়ার সময়ই সব শেষ।
সিদ্ধার্থের কথায়, যখন জানতে পারি রাহুলদা আর নেই, তারপর থেকেই শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে। ঘুমাতে পারছি না ঠিক করে। জনসমক্ষে আসছি না বলে অনেকেই অনেককিছু ভাবছেন, কিন্তু আমি এই প্রসঙ্গে বারবার কথা বলতে পারছি না। বাড়িতেও এই নিয়ে কথা উঠছে না, যাতে আমি সুস্থ থাকতে পারি। চোখের সামনে দেখা এই ঘটনা ভোলা সম্ভব নয়। রাহুলদার মৃত্যুর তদন্ত হচ্ছে জেনে খুশি হয়েছি। আমিও তাই সত্যিটা জানতে, তাহলে মাথার মধ্যে যে হাজার প্রশ্ন ঘুরছে সেসব বন্ধ হবে।
সহঅভিনেত্রী শ্বেতার বর্তমানে কী অবস্থা? সিদ্ধার্থ বলছেন, ও খুব কষ্টে আছে। শারীরিকভাবে তেমন ক্ষতি না হলেও মানসিকভাবে বিপর্যস্ত। ওর সঙ্গে কথা হয়নি, ও কথা বলার অবস্থায় নেই। ওর মায়ের সঙ্গে কথা হয়েছিল। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছে বলেই জানি।



